ঢাকা, শনিবার ২৮ নভেম্বর ২০২৬, ১৩ অগ্রহায়ণ ১৪৩৩
স্পেশাল কমান্ডো ফোর্স ব্রিগেড গঠন করেছে বাংলাদেশ সেনাবাহিনী
আরও কার্যকরভাবে সন্ত্রাসী জঙ্গিবাদী কর্মকাণ্ড মোকাবেলায় এবং বিশ্বের যে কোনো প্রান্তে দ্রুত অপারেশনে যেতে সক্ষম স্পেশাল ফোর্স ব্রিগেড গঠন করেছে বাংলাদেশ সেনাবাহিনী। ইতোমধ্যে দুটি প্যারা কমান্ডো ব্যাটালিয়ন নিয়ে বাংলাদেশ সেনাবাহিনীর এই কমান্ডো ব্রিগেড গঠন করা হয়েছে। এই ব্রিগেড পরিচালিত হবে একটি স্পেশাল ফোর্সেস কমান্ডের অধীনে। কমান্ডে থাকবে কমপক্ষে একটি স্পেশিয়াল ফোর্সেস ব্রিগেড ও একটি এয়ারবর্ন ব্রিগেড (২১ এয়ারবর্ন ব্রিগেড)।
বিশেষ এই কমান্ডো বিগ্রেডের কাজ হবে স্বল্পতম সময়ে বাংলাদেশ বা বিশ্বের যে কোনো স্থানে অপারেশন পরিচালনা করা। সাম্প্রতিক সময়ে দেশের অভ্যন্তরে বেশকিছু সন্ত্রাসী ঘটনা দমনে ভূমিকা রাখার পর বাংলাদেশ সেনাবাহিনী এতদসংক্রান্ত ঘটনার পরিপ্রেক্ষিতে দেশের সার্বিক নিরাপত্তার স্বার্থে একটি কৌশলগত মূল্যায়ন করেছে। জানা গেছে, এই বিশেষ বাহিনী শত্রুর আওতার ভেতরে ঢুকে ভয়াবহ বিপজ্জনক পরিস্থিতিতেও অপ্রচলিত যুদ্ধকৌশল ব্যবহারের মাধ্যমে তাদের পরাস্ত করতে সক্ষম। একই সঙ্গে তারা ভূমিকা রাখবে যে কোনো জঙ্গি সংগঠনের অপ্রচিলত যুদ্ধকৌশল নির্ভর সন্ত্রাসী কর্মকাণ্ড দমনেও। এই স্পেশাল ফোর্স একজন ব্রিগেডিয়ার জেনারেলের অধীনে পরিচালিত হবে।