[ জাতীয় ]
ভারতের সঙ্গে পুনরায় যাত্রীবাহী ট্রেন চালু ২৬ মার্চ: রেলপথ সচিব
রেলপথ মন্ত্রণালয়ের সচিব ড. মো. হুমায়ুন কবীর- ফাইল ফটো
রেলপথ মন্ত্রণালয়ের সচিব ড. মো. হুমায়ুন কবীর বলেছেন, ভারত ও বাংলাদেশের মধ্যে চলাচলকারী যাত্রীবাহী ট্রেনগুলো আগামী ২৬ মার্চ থেকে নির্ধারিত সময়ে পুনরায় চলাচল করবে। তবে এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেয়া হবে রোববার (২০ মার্চ) এক বৈঠকে।
শুক্রবার দুপুরে নীলফামারীর চিলাহাটি ও ভারতের হলদিবাড়ী সংযোগ ব্যবহার করে নতুন চালু হওয়া মিতালী এক্সপ্রেস ট্রেনের বিভিন্ন ব্যবস্থাপনা পরিদর্শনে এসে এ তথ্য জানান তিনি।
ড. মো. হুমায়ুন কবীর আরো জানান, যাত্রীবাহী ট্রেনগুলো পুনরায় চালুর ব্যাপারে উভয় দেশের প্রস্তুতি সম্পন্ন হয়েছে। মিতালী এক্সপ্রেস ট্রেন সপ্তাহে দুই দিন ঢাকা থেকে নিউ জলপাইগুড়ির মধ্যে যাতায়াত করবে।
উল্লেখ্য, করোনার কারণে ২০২০ সালের মার্চ থেকে স্থগিত ছিল দু’দেশের ট্রেন চলাচল। তবে এই যোগাযোগ চালুর জন্য বাংলাদেশ রেলওয়ের পক্ষ থেকে চিঠি পাঠানোর পর সম্প্রতি ভারতীয় রেলওয়ে কর্তৃপক্ষ আগামী ২৬ মার্চ থেকে বাংলাদেশের সঙ্গে যাত্রীবাহী ট্রেন পুনরায় চালুর প্রস্তাব দেয়।
ডেইলি-বাংলাদেশ/এমআরকে/এইচএন
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!