২৪ ঘণ্টায় রাজধানীর চেয়ে দ্বিগুণ ডেঙ্গু রোগী বাইরে
গত ২৪ ঘণ্টায় (একদিনে) ডেঙ্গু আক্রান্ত হয়ে দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন আরো ৯ জন। এর মধ্যে রাজধানী ঢাকার বিভিন্ন হাসপাতালে তিনজন এবং ঢাকার বাইরের হাসপাতালে ছয়জন ভর্তি হয়েছেন।
বৃহস্পতিবার স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম ডেঙ্গু বিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়।
কন্ট্রোল রুম জানায়, বর্তমানে দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত হয়ে ভর্তি রয়েছেন ৫২ জন। এর মধ্যে ঢাকার ৪৬টি হাসপাতালে ভর্তি আছেন ৩০ জন এবং অন্যান্য বিভাগে ভর্তি আছেন ২২ জন।
চলতি বছরের (১ জানুয়ারি থেকে ৩ জানুয়ারি সকাল ৮টা) এখন পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৬১ জন। এর মধ্যে চিকিৎসা নিয়ে হাসপাতাল ছেড়েছেন নয়জন। চলতি বছরে ডেঙ্গু আক্রান্ত হয়ে এখন পর্যন্ত কারো মৃত্যু হয়নি বলে জানিয়েছে কন্ট্রোল রুম।
এর আগে, বুধবার স্বাস্থ্য অধিদফতর এক বিবৃতিতে জানায়, ডেঙ্গুতে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় ((৪ জানুয়ারি সকাল ৮টা থেকে ৫ জানুয়ারি সকাল ৮টা) আরো চারজন হাসপাতালে ভর্তি হন। এ নিয়ে দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা ছিল ৪৮ জন।
অধিদফতরের ডেঙ্গুবিষয়ক বিবৃতিতে আরো জানানো হয়েছে, নতুন আক্রান্তদের মধ্যে ঢাকাতেই ছিলেন দুইজন ও ঢাকার বাইরের হাসপাতালে ভর্তি হন দুইজন।