দেশে এলো মেট্রোরেলের আরও চার ইঞ্জিন ও আট বগি
মেট্রোরেলের সপ্তম চালান জাপান থেকে বাংলাদেশে এসেছে। মঙ্গলবার দুপুর ২টা ৫০ মিনিটে আটটি বগি ও চার ইঞ্জিনসহ বিদেশি বাণিজ্যিক জাহাজ এসপিএম ব্যাংকক মোংলা বন্দরের ভিড়ে। এরই মধ্যে জাহাজ থেকে তিনটি বগি নামানো হয়েছে। বাকিগুলো বুধবার নামানো হবে বলে জানিয়েছেন জাহাজটির স্থানীয় শিপিং এজেন্ট।
জাহাজ এসপিএম ব্যাংকক’র স্থানীয় শিপিং এজেন্ট এনসিয়েন্ট স্টিম শিপ কোম্পানি লিমিটেডের জেনারেল ম্যানেজার মো. ওহিদুজ্জামান জানান, গত ২ ডিসেম্বর জাপানের কোবে বন্দর থেকে ঢাকা মেট্রোরেলের আটটি রেলওয়ে বগি, চারটি ইঞ্জিন ও ৪৪ প্যাকেজের ৪৯০ মে. টন ওজনের মেশিনারি পণ্য নিয়ে ছেড়ে আসা এসপিএম ব্যাংকক মঙ্গলবার দুপুরে মোংলা বন্দর জেটিতে ভিড়ে। এরপর জাহাজ থেকে তিনটি বগি নামানো হয়েছে। বাকি বগি ও ইঞ্জিনসহ অন্যান্য মালামাল বুধবার সকাল নামানো হবে। জাহাজ থেকে খালাস করে এসব পণ্য বার্জে (নৌযান) নামানো হচ্ছে। বার্জে করেই এ সব মালামাল ঢাকার উত্তরার দিয়াবাড়ি ডিপোতে নেয়া হবে।
মোংলা বন্দর কর্তৃপক্ষের হারবার মাস্টার কমান্ডার শেখ ফখরউদ্দীন জানান, গত ৩১ মার্চ মেট্রোরেলের সর্ব প্রথম চালানে ছয়টি বগি নিয়ে মোংলা বন্দরে আসে এসপিএম ব্যাংকক। এরপর ধারাবাহিকভাবে ৫ মে এম,ভি ওশান গ্রেস জাহাজে ছয়টি বগি, ২০ জুলাই এম,ভি হরিজন-৯ জাহাজে ১০টি বগি ও ২টি ইঞ্জিন, ১২ সেপ্টেম্বর ৪টি বগি ও ২টি ইঞ্জিন নিয়ে এম,ভি প্রেসার্স কোরাল, ২ অক্টোবর ৪টি ইঞ্জিন ও ৮টি বগি নিয়ে এম,ভি এসপিএম ব্যাংকক ও ১২ নভেম্বর ৪টি বগি ও ২টি ইঞ্জিন নিয়ে এম,ভি ব্রাইট কোরাল এ বন্দরে আসে।