সাভারে শৌচাগার থেকে ফিরেই জ্ঞান হারাচ্ছেন গার্মেন্টস কর্মীরা
ঢাকার সাভারে একটি তৈরি পোশাক কারখানায় গত ১৫ দিন ধরে বমি, মাথা ব্যথাসহ নানা উপসর্গ নিয়ে হঠাৎ অসুস্থ পড়ছেন শ্রমিকরা। তাদের নিকটস্থ হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে। তবে প্রত্যক্ষদর্শী শ্রমিকরাও সহকর্মীদের এই অসুস্থতার কারণ জানাতে পারছেন না। এরই মধ্যে ২২ জন শ্রমিককে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
শনিবার বেলা সাড়ে ১১টার দিকে আশুলিয়ার পলাশবাড়ী এলাকার ডংলিয়ন কারখানায় এই ঘটনা ঘটে। এ ঘটনায় অন্যান্য শ্রমিকরা ভয়ে কারখানা ছেড়ে বাসায় চলে গেছেন।
শ্রমিকরা জানায়, বেলা ১১টার দিকে এক শ্রমিক প্রকৃতির ডাকে সাড়া দিতে কারখানার একটি শৌচাগারে যায়। সেখান থেকে ফিরে এসে তিনি জ্ঞান হারিয়ে ফেলেন। পরে আরও দুই-একজন ওই শৌচাগারে গেলে তারাও জ্ঞান হারিয়ে ফেলেন। এই ঘটনায় অসুস্থ হয়ে পড়েছেন মোট ২২ জন। পরে তাদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নেয়া হয়।
শ্রমিকদের দাবি, আজকা এই সংখ্যাটা বেশি। প্রতিদিন তো একজন না একজন অসুস্থ হইতেছে। গত ১৫ দিন ধরেই এই সমস্যা শুরু হইছে।
নাম প্রকাশে অনিচ্ছুক এক শ্রমিক জানান, গত রমজান থেকে কারখানার ওই ফ্লোরে এই জ্বিন আতঙ্ক বিরাজ করছে। এর আগেও দুই-একজন এমন অসুস্থ হয়ে পড়েছিলেন। কিন্তু আজ এদের সংখ্যা অনেক। সব শ্রমিক আতঙ্কে রয়েছেন।
কারখানার এইচ আর এডমিন ম্যানেজার রফিকুল ইসলাম জানান, কারখানায় যারা এই ঘটনার শিকার হয়েছেন, তাদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। কিছুদিন আগেই ইউনিটটি চালু করা হয়েছে। এখানে দেড় শতাধিক শ্রমিক কাজ করছিলেন। সবাই জ্বিন আতঙ্কে বাসায় চলে গেছেন।
তিনি আরো বলেন, বর্তমানে ১০ থেকে ১২ জন শ্রমিক কারখানায় আছেন। সর্বপ্রথম যিনি অসুস্থ হয়েছেন তার অবস্থা একটু খারাপ। ওই শ্রমিকের চিকিৎসা চলছে। আমরা ৮ জনকে হাবিব ক্লিনিকে পাঠিয়েছি।
এ বিষয়ে হাবিব জেনারেল হাসপাতালের ম্যানেজার বিল্লু দাস বলেন, একটি কারখানার বেশ কয়েকজন শ্রমিককে অসুস্থ অবস্থায় আনা হয়েছে। ডাক্তাররা তাদের প্রাথমিক চিকিৎসা দিচ্ছেন। আসলে কি হয়েছে ডাক্তার পর্যবেক্ষণের পর জানাতে পারবেন।