ঢাকা,  শনিবার   ১৭ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩

[ জাতীয় ]

জাতিসংঘে শান্তিরক্ষী পাঠানোয় আবারো শীর্ষে বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৯:৩৪, ১২ সেপ্টেম্বর ২০২০
জাতিসংঘে শান্তিরক্ষী পাঠানোয় আবারো শীর্ষে বাংলাদেশ
ফাইল ছবি

জাতিসংঘ শান্তিরক্ষী প্রেরণকারী দেশসমূহের মধ্যে বাংলাদেশ পুনরায় প্রথম স্থান অর্জন করেছে। 

শনিবার আন্তঃবাহিনী জনসংযোগ পরিদফতরের (আইএসপিআর) সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

গত ১৭ জুলাই সেন্ট্রাল আফ্রিকান রিপাবলিক এ ১৬০ জন জনবলের কিউআরএফ (কুইক রি-অ্যাকশন ফোর্স) মোতায়েন এর মাধ্যমে পুনরায় বাংলাদেশ প্রথম স্থান অর্জন করলো। 

বর্তমানে শান্তিরক্ষী মিশনে সৈন্য প্রেরণকারী দেশের সংখ্যা ১১৯। 

বাংলাদেশ সর্বমোট ৬৭৩১ জন শান্তিরক্ষী মোতায়েন করেছে। ৬৬৬২ জন শান্তিরক্ষী মোতায়েন করে ইথিওপিয়া দ্বিতীয় অবস্থানে রয়েছে। 

উল্লেখ্য, এই উপমহাদেশের ভারত (৫৩৫৩) এবং পাকিস্তান (৪৪৪০) যথাক্রমে ৫ম ও ৬ষ্ঠ অবস্থানে রয়েছে।

জাতিসংঘ শান্তিরক্ষা মিশনের অধীনে বিশ্বের নানা প্রান্তে যারা শান্তিরক্ষী হিসেবে দায়িত্ব পালন করেন, তারা ‌‘ব্লু হেলমেটধারী’ হিসেবে পরিচিত। জাতিসংঘ শান্তিরক্ষীদের প্রতীক ‘ব্লু হেলমেট’। 

কয়েক দশক ধরে শান্তিরক্ষা মিশনে গৌরবের সঙ্গে দায়িত্ব পালন করে আসছেন বাংলাদেশি শান্তিরক্ষীরা। জাতিসংঘের শান্তিরক্ষী প্রেরণকারী দেশ হিসেবে আবার বাংলাদেশের নাম প্রথমে উঠে এলো। 

আন্তঃবাহিনী জনসংযোগ পরিদফতরের (আইএসপিআর) পরিচালক লে. কর্নেল আবদুল্লাহ ইবনে জায়েদ বলেন, শীর্ষ শান্তিরক্ষী প্রেরণকারী দেশ হওয়াটা অবশ্যই গর্বের। বাংলাদেশি শান্তিরক্ষীরা বিশ্ব শান্তিরক্ষায় জীবনের ঝুঁকি নিয়ে প্রতিনিয়ত দায়িত্ব পালন করে যাচ্ছেন।

নানা ভয়-শঙ্কা ও প্রতিকূল পরিবেশ মোকাবিলা করে সংঘাতপূর্ণ বিভিন্ন এলাকায় শান্তির বার্তা ছড়িয়ে দিচ্ছেন বাংলাদেশি শান্তিরক্ষীরা। আফ্রিকাসহ বিশ্বের বিভিন্ন প্রান্তে জাতিগত সংঘাত মোকাবিলায় তারা রাখছেন গুরুত্বপূর্ণ ভূমিকা। সংঘাতময় বিভিন্ন দেশের রাস্তাঘাট, স্থাপনা নির্মাণ ও  চিকিৎসাসেবায় বাংলাদেশি শান্তিরক্ষীরা অনুকরণীয় দায়িত্ব পালন করছেন।

ডেইলি-বাংলাদেশ/এসআই/আরএ/এইচএন
লিংক সফলভাবে কপি হয়েছে!