ঢাকা,  বুধবার   ২৮ অক্টোবর ২০২৬, ১১ কার্তিক ১৪৩৩

[ জাতীয় ]

সি আর দত্তকে দেশে এনে শ্রদ্ধা জানাবে নাগরিক কমিটি

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৫:৪৫, ২৯ আগস্ট ২০২০
সি আর দত্তকে দেশে এনে শ্রদ্ধা জানাবে নাগরিক কমিটি
সি আর দত্ত

মু্ক্তিযুদ্ধের অন্যতম সেক্টর কমান্ডার বীর উত্তম মেজর জেনারেল (অব.) সি আর দত্তের মরদেহ ফ্লোরিডা থেকে দেশে আনা হবে। পরে সর্বোচ্চ সামরিক সম্মাননা ও যথাযথ রাষ্ট্রীয় মর্যাদায় তার শেষকৃত্যানুষ্ঠান সম্পন্ন করা হবে।

শনিবার সি আর দত্তকে শেষ শ্রদ্ধা জানাতে গঠিত ‘জেনারেল দত্ত জাতীয় নাগরিক কমিটি’র সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, সি আর দত্তের শেষকৃত্যানুষ্ঠানে যোগ দেয়ার জন্যে যুক্তরাষ্ট্র-প্রবাসী প্রয়াতের বড় মেয়ে মহুয়া দত্ত, ছেলে চিরঞ্জীব দত্ত ও ছোট মেয়ে কবিতা দাশগুপ্ত কাতার এয়ারলাইন্সে এবং কানাডা-প্রবাসী মেজো মেয়ে চয়নিকা দত্ত ও তার স্বামী রণি প্রান্টিস এমিরেটস এয়ারলাইন্সে আগামী ৩১ আগস্ট সোমবার রাত ২টা ও সকাল ৯টায় ঢাকায় পৌঁছাবেন।

আরো বলা হয়, জেনারেল দত্তের মরদেহ পরিবারের সঙ্গে আনার চেষ্টা চলছে। তবে তা সম্ভব না হলে এমিরেটস এয়ারলাইন্সে এর পরদিন অর্থাৎ ১ সেপ্টেম্বর মঙ্গলবার সকাল সাড়ে ৬টায় ঢাকা বিমানবন্দরে এসে পৌঁছানোর কথা রয়েছে।

সেক্টর কমান্ডার সি আর দত্তের প্রতি শেষ শ্রদ্ধা জানাতে সাবেক সেনাপ্রধান ও মুক্তিযুদ্ধের অন্যতম সেক্টর কমান্ডার মেজর জেনারেল (অব.) কে এম শফিউল্লাহকে আহ্বায়ক ও সাংবাদিক শাহরিয়ার কবীরকে সদস্য সচিব করে ১০০১ সদস্যবিশিষ্ট এক জাতীয় নাগরিক কমিটি গঠন করা হয়েছে।

গত মঙ্গলবার সকাল ৯টার দিকে যুক্তরাষ্ট্রের ফ্লোরিডার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সি আর দত্ত মৃত্যুবরণ করেন। তার বয়স হয়েছিল ৯৩ বছর।

ডেইলি-বাংলাদেশ/আরএইচ
লিংক সফলভাবে কপি হয়েছে!