ঢাকা, রোববার ২২ নভেম্বর ২০২৬, ৭ অগ্রহায়ণ ১৪৩৩
সিফাতের জামিন শুনানি সোমবার
মেজর (অব.) সিনহা মো. রাশেদ খান হত্যার পর তার প্রোডাকশন টিমের আটক সদস্য সাহেদুল ইসলাম সিফাতের জামিন আবেদনের শুনানি কাল অনুষ্ঠিত হবে।
স্টামফোর্ড ইউনিভার্সিটির ফিল্ম এন্ড মিডিয়া স্ট্যাডিজ বিভাগের তৃতীয় বর্ষের ছাত্র সিফাত। গত ৩১ জুলাই রাতে যখন টেকনাফে পুলিশ চেকপোস্টে সিনহাকে গুলি করা হয় তখন তার সঙ্গে ছিলেন সিফাত।
এদিকে রোববার একই বিশ্ববিদ্যালয়ের ফিল্ম এন্ড মিডিয়া স্ট্যাডিজ বিভাগের শিক্ষার্থী শিপ্রা রানী দেবনাথের জামিন আবেদন মঞ্জুর করেছেন আদালত।
সিনহা নিহতের ঘটনায় পুলিশ টেকনাফ থানায় যে মামলা করেছে তাতে সিফাতকে আসামি করা হয়েছে। সে এখন কক্সবাজার জেলা কারাগারে আছে।
ঘটনার সময় একই বিশ্ববিদ্যালয়ের তৃতীয় বর্ষের শিক্ষার্থী শিপ্রা রানী দেবনাথ এবং ফাইনাল ইয়ারের শিক্ষার্থী তাহসিন রিফাত নূর হিমছড়ির একটি রিসোর্টে ছিলেন। সেই রিসোর্টে অভিযান চালিয়ে পুলিশ তাদের দুজনকে আটক করে। পরে রামু থানায় শিপ্রার বিরুদ্ধে মদের বোতল রাখার অভিযোগে মাদক আইনে একটি মামলা দেয়া হয়। আর তাহসিন রিফাত নূরকে মুচলেকা রেখে এক আত্মীয়ের জিম্মায় ছেড়ে দেয়া হয়।
শিপ্রার গ্রামের বাড়ি কুষ্টিয়া। তার বাবা বিজিবির অবসরপ্রাপ্ত কর্মকর্তা। শিপ্রার বাবা-মা দুজনই অসুস্থ। তারা দুই ভাই-বোন।