ঢাকা,  মঙ্গলবার   ২০ অক্টোবর ২০২৬, ৪ কার্তিক ১৪৩৩

[ রাজধানী ]

নারায়ণগঞ্জের মাহফুজ হত্যার পলাতক আসামি গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৪:৫৬, ৩ মার্চ ২০২০
নারায়ণগঞ্জের মাহফুজ হত্যার পলাতক আসামি গ্রেফতার
নারায়ণগঞ্জের মাহফুজুর রহমান হত্যা মামলার আসামি মো. হাফিজুর রহমান ওরফে হাফিজ গ্রেফতার- ডেইলি বাংলাদেশ

নারায়ণগঞ্জের মাহফুজুর রহমান হত্যা মামলার আসামিকে গ্রেফতার করেছে র‍্যাব। দীর্ঘ ৯ বছর পলাতক থাকার পর মূল আসামি মো. হাফিজুর রহমান ওরফে হাফিজ (৩৫) কে সাভার থেকে গ্রেফতার করা হয়েছে।

সোমবার রাত সাড়ে ৮ টার দিকে সাভারের অবদা রোড এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে র‍্যাব-৪। র‍্যাব-৪ এর সিনিয়র সহকারী পুলিশ সুপার (মিডিয়া কা-অর্ডিনটর) মোহাম্মদ সাজদুল ইসলাম সজল এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, গতকাল রাত সাড়ে ৮ টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-৪ এর মেজর শিবলী মোস্তফা নেতৃত্বে সাভারের অবদা রোড এলাকায় অভিযান চালিয়ে নারায়নগঞ্জের সোনারগাঁ থানার হত্যা মামলার ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি হাফিজুর রহমান ওরফে হাফিজকে (৩৫) গ্রেফতার করা হয়। 

ঘটনার বিবরণ জানিয়ে র‍্যাবের এ কর্মকর্তা বলেন, আসামি হাফিজুর রহমান ওরফে হাফেজ ২০০৬ সালের মামলার বাদী হাজী মো. আব্দুল্লাহ এর মেয়ে মোসা. রিভা আক্তারের সঙ্গে বিয়ে হয়। আসামি ও বাদী এক অপরের জামাই- শশুর। আসামি বাদী হাজী মো. আব্দুল্লাহ এর কাছে ব্যবসা করার জন্য ১০ লাখ টাকা চেয়েছিল। বাদী আসামিকে টাকা না দেয়ায় বাদীর এক মাত্র ছেলে মো. মাহফুজুর রহমান ওরফে রিফাত (১৯) কে কৌশলে মোবাইলের মাধ্যমে আসামির নিজ বাসায় ডেকে নিয়ে গত ২৮ এপ্রিল ২০১১ তারিখ হত্যা করে। 

মামলা সম্পর্কে তিনি আরো বলেন, মামলার তদান্তকারী কর্মকর্তা অভিযোগপত্র দাখিল করলে আদালত আসামির বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করে। এরপর থেকে আসামি দীর্ঘদিন ধরে আত্মগোপন করেছিল। 

সম্প্রতি গোপন তথ্যের ভিত্তিতে জানা যায়, ওই মামলার এজাহারভুক্ত আসামি হাফিজুর রহমান ওরফে হাফিজ ঢাকা ও এর আশপাশ এলাকায় ছদ্মনাম ও ঠিকানা ব্যবহার করে আত্মগোপনে আছে। এর পরিপ্রেক্ষিতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত আসামিকে সোনারগাঁ থানায় হস্তান্তর করা হয়েছে।

ডেইলি-বাংলাদেশ/এমআরকে
লিংক সফলভাবে কপি হয়েছে!