ফাঁকা বাজারে চোখ রাঙাচ্ছে সবজি
পবিত্র ঈদুল আজহা উদযাপন শেষ করে পরিবার-পরিজন নিয়ে এখনো রাজধানী ঢাকায় ফেরেনি বেশিরভাগ মানুষ। ফলে তুলনামূলকভাবে রাজধানী এখনো ফাঁকা। এই বাজারে চোখ রাঙাচ্ছে সব ধরনের সবজি। বলতে গেলে বাজারে ৬০ টাকার নিচে কোনো সবজিই মিলছে না।
বৃহস্পতিবার রাজধানীর বিভিন্ন কাঁচাবাজার ঘুরে দেখা গেছে এমন চিত্র।
বাজার ঘুরে দেখা গেছে, আজকের বাজারে প্রতি কেজি কাঁকরুল বিক্রি হচ্ছে ৮০ টাকা, বরবটি প্রতি কেজি ৮০ টাকা, কচুর মুখি প্রতি কেজি ১২০ টাকা, গাজর প্রতি কেজি ৮০ টাকা, পেঁপে প্রতি কেজি ৬০ টাকা, ধুন্দুল প্রতি কেজি ৬০ টাকা, ঝিঙা প্রতি কেজি ৬০ টাকা, মিষ্টি কুমড়া প্রতি কেজি ৪০ টাকা, বেগুন প্রতি কেজি ৬০ থেকে ৭০ টাকা, করোলা প্রতি কেজি ৬০, টমেটো প্রতি কেজি ৮০ টাকা, কাঁচা মরিচ প্রতি কেজি ২৪০ টাকা, শসা প্রতি কেজি ৮০ টাকা, পটল প্রতি কেজি ৫০ থেকে ৬০ টাকা, লাউ প্রতি পিস ৬০ টাকায় বিক্রি হচ্ছে। কাঁচা মরিচ ৩০০ টাকা, শুধুমাত্র মিষ্টি কুমড়ার কেজি ৪০ টাকা।
.png)
মাছের বাজারে গিয়ে দেখা গেছে, প্রতি কেজি তেলাপিয়া বিক্রি হচ্ছে ২০০ টাকা, রুই ২৮০ টাকা, ছোট পাঙাশ ১৮০ টাকা, চিংড়ি ৬২০ টাকা, শিং ৩২০ টাকা, ইলিশ সাইজ ভেদে ১২০০ থেকে ১৬৬০ টাকা, টেংরা কেজি ৩০০ টাকায় বিক্রি হচ্ছে।
অপরদিক প্রতি কেজি ব্রয়লার ১৮৫ টাকা, সোনালি মুরগি ৩৪০ টাকা, লাল লেয়ার ৩৬০ টাকা ও পাকিস্তানি মুরগি ৩০০ টাকায় বিক্রি হচ্ছে।
উত্তরা আজমপুর কাঁচাবাজারে সবজি বিক্রেতা রেজাউল করিম বলেন, ঈদুল আজহাকে ঘিরে এবার শসা ও কাঁচা মরিচের দাম প্রায় দ্বিগুণ হারে বেড়েছে।
এছাড়া সরবরাহ কমে যাওয়া ও দুদিন ধরে বৃষ্টির প্রভাবে বাজারে সবজির দামও একটু বাড়তি। তবে বৃষ্টি কমলে সামনে দাম কিছুটা কমতে পারে।