ঢাকা,  শুক্রবার   ৩০ অক্টোবর ২০২৬, ১৪ কার্তিক ১৪৩৩

[ লাইফস্টাইল ]

মজাদার ছিটা রুটি 

লাইফস্টাইল ডেস্ক
প্রকাশিত: ১৪:৫৭, ২৪ জানুয়ারি ২০২১
মজাদার ছিটা রুটি 
ছবি: সংগৃহীত

গ্রাম বাংলার ঐতিহ্যগত পিঠা পুলির মধ্যে ছিটা রুটি খুবই জনপ্রিয়। এলাকাভিত্তিক বিভিন্ন নামে পরিচিত এই রুটি। শীত এলেই মজাদার এ ছিটা রুটি পিঠা তৈরির ধুম পড়ে যায়। এটি তৈরি করাও বেশ সহজ। দেখতেও যেমন সুন্দর, খেতেও তেমনই মজাদার ছিটা রুটি। 

অল্প কিছু উপকরণে তৈরি ছিটা রুটি হাঁস, মুরগি বা গরুর মাংসসহ নানা পদের ভর্তার সঙ্গেও বেশ মানিয়ে যায়। কখনো খেয়েছেন কি ঐতিহ্যবাহী এই ছিটা রুটি? না খেয়ে থাকলে আজই তৈরি করে খেয়ে দেখুন।   চলুন তবে জেনে নেয়া যাক মজাদার ছিটা রুটি তৈরির রেসিপিটি- 

উপকরণ: চালের গুড়া দুই কাপ,পানি তিন কাপ, ডিম একটি ফেটানো, লবণ পরিমাণ মতো, তেল পরিমাণ মতো।

প্রণালী: প্রথমে একটি পাত্রে লবণ ও তিন কাপ পানিতে চালের গুঁড়া মিশিয়ে নিন ভালোকরে। পাতলা মিশ্রণ তৈরি করতে হবে। এ মিশ্রণের সঙ্গে একটি ডিম ফেটিয়ে মিশিয়ে নিন। এ অবস্থায় মিশ্রণটি ১৫ মিনিট রেখে দিন। এরপর একটি প্যানে তেল ব্রাশ করে চালের গুঁড়ার মিশ্রণে হাত চুবিয়ে প্যানে ছিটিয়ে দিন। 

আঙুলগুলো প্যানের উপর ঝেড়ে নিন। এভাবে প্রতি রুটির জন্য তিন থেকে চার বার মিশ্রণটিতে হাত চুবিয়ে পরপর ছিটিয়ে দিন।চুলার আঁচ কমানো থাকবে রুটি যেন পুড়ে না যায় সেদিকে খেয়াল রাখুন। রুটি হয়ে গেলে আলতো করে পাটিসাপটার মতো রোল করে অথবা তিন কোণা আকৃতির ভাঁজ করে তুলে পরিবেশন করুন মাংস ভুনা, ঝোল, সালাদ, খেজুরের রস কিংবা নারকেল কোরানো দিয়ে। 

ডেইলি-বাংলাদেশ/কেএসকে
লিংক সফলভাবে কপি হয়েছে!