চট জলদি নেইল পলিশ শুকানোর ৫ উপায়
নারীদের সাজগোজের একটি গুরুত্বপূর্ণ অনুষঙ্গ হলো নেইল পলিশ। নখের সৌন্দর্য অনেকখানি বাড়িয়ে দেয় রং বেরঙের নেইল পলিশ। ভারী মেকআপ হোক বা প্রতিদিনের হালকা সাজগোজ, আঙুলে রঙের ছোঁয়া না থাকলে যেন পুরোটা সাজই মাটি হয়ে যায়।
তবে তাড়াহুড়োর সময় পোশাকের সঙ্গে ম্যাচ করে নেইল পলিশ লাগানো সত্যিই একটা বড় সমস্যা। শেষ মুহূর্তে নেইল পলিশ লাগাতে গিয়ে সব নষ্ট হয়ে যায়।
আর দরকারের সময় নেইল পলিশ শুকাতেও যেন একটু বেশি সময় নেয়। আঙুলে লাগানোর পর ঘেঁটে যাওয়া নেইল পলিশ দেখতেও খারাপ লাগে। তবে তাড়াতাড়ি নেইল পলিশ শুকানোর কিছু উপায় আছে। জেনে নিন সেগুলো-
> নেইল পলিশ লাগানোর পর আঙুলগুলো বরফ ঠান্ডা পানিতে নখ চুবিয়ে দিন। নেইল পলিশ শুকানোর এই উপায় বেশ পুরনো। তবুও দরকারে মনে থাকে না। অন্তত এক মিনিট বরফ পানিতে আপনার নখগুলো চুবিয়ে রাখুন। এর ফলে নেইল পলিশ জমে গিয়ে চট করে শুকিয়ে যাবে।
> তাড়াতাড়ি নেইল পলিশ শুকাতে নেইল ড্রায়ার মেশিন কেনার দরকার নেই। এই কাজ আপনার হেয়ার ড্রায়ার দিয়েও সেরে নিতে পারবেন। হেয়ার ড্রায়ারের ঠান্ডা বাতাস চালিয়ে আপনার নখের রঙ চট করে শুকিয়ে নিতে পারেন।
আরো পড়ুন: ডিমের খোসা ব্যবহারে ফিরবে ত্বকের জেল্লা
> নেইল পলিশ লাগানোর পর নখের ওপরে এক ফোঁটা বেবি অয়েল বা রান্নার তেল স্প্রে করে নিতে পারেন। এই তেল নেইল পলিশের ফর্মুলায় মিশে গিয়ে তাকে পাতলা করে চট করে শুকিয়ে দেয়। নেইল পলিশ লাগানোর পর নখে রান্নার তেল দিলে পরে আঙুলগুলো ভালো করে ধুয়ে নেবেন।
> নেইল পলিশ লাগানোর পর তার ওপর হেয়ার স্প্রে ব্যবহার করতে পারেন। তবে হেয়ার স্প্রে- ক্যান অবশ্যই আঙুল থেকে অন্তত ৩০ সেন্টিমিটার দূরে ধরবেন। না হলে স্প্রে করার সঙ্গে সঙ্গে জোরে বেরিয়ে আসা অ্যারোসল লেগে আপনার নেইল পলিশ নষ্ট হয়ে যেতে পারে।
> নেইল পলিশ লাগানোর পর একটা ছোট বাটিতে ল্যাভেন্ডার, সিট্রোনেলা বা পেপারমিন্ট যেকোনো এসেনশিয়াল অয়েল ঢেলে নিন। এবার এর মধ্যে নখ চুবিয়ে রাখুন অন্তত ৬০ সেকেন্ড। এর ফলে আপনার নেইল পলিশ তাড়াতাড়ি শুকিয়ে যাবে।