কিনে নয়, ঘরেই তৈরি করুন মজেরেলা চিজ
সুস্বাদু সব খাবার তৈরিতে চিজ খুবই গুরুত্বপূর্ণ একটি উপাদান হিসেবে কাজ করে। পিজ্জা কিংবা বার্গারে চিজ না হলে যেন চলেই না। এছাড়াও চিজ দিয়ে তৈরি করা যায় হরেক রকম খাবার। তাইতো চিজ সবারই খুব পছন্দের খাবারের তালিকায় জায়গা করে নিয়েছে। বিশেষ করে শিশুদের কাছে এটি খুবই প্রিয়।
অতিরিক্ত চিজ খাওয়া ক্ষতিকর হলেও, পরিমিত চিজ আমাদের শরীরের জন্য উপকারী। আপনি চাইলে বাজার থেকে কিনে নয়, ঘরেই তৈরি করতে পারেন মজেরেলা চিজ। চলুন জেনে নেয়া যাক এর রেসিপিটি-
উপকরণ: ১ লিটার দুধের ছানা, ঘি- ১ চা চামচ, লবণ ১ চিমটি।
প্রণালী: ছানা, ঘি এবং লবণ সব একসঙ্গে নিয়ে ভালো করে ব্লেন্ড করে নিন, যেন কোনো দানা ভাব না থাকে। এবার মিশ্রণটি একটি সিরামিকের বাটিতে চেপে চেপে বসান। উপরে যদি বাড়তি ঘি ভেসে উঠে তবে তা টিস্যু পেপার দিয়ে ভালোভাবে মুছে নিন। এবার প্লাস্টিক র্যাপিং দিয়ে ভালো ভাবে ঢেকে ফ্রিজে রাখুন ২ ঘণ্টার জন্য।
আরো পড়ুন: কমলা দিয়ে ঘরেই তৈরি করুন সুস্বাদু অরেঞ্জ রাইন্ড ক্যান্ডি
ফ্রিজ থেকে বের করে একটি ছুরি দিয়ে কিনারগুলো সাবধানে খুঁচিয়ে তুলে ফেলুন। ব্যস, হয়ে গেলো পারফেক্ট মজেরেলা চিজ। এবার গ্রেড করে যেকোনো খাবারে ব্যবহার করতে পারেন ঘরে তৈরি মজাদার চিজ।
টিপস
> সিরামিক বা প্লাস্টিকের বাটিই ব্যবহার করতে হবে। অন্য কোনো বাটি হলে চলবে না।
> খেয়াল রাখতে হবে মিশ্রণে যাতে কোনো দানা না থাকে। একটু ধৈর্য ধরে সময় নিয়ে ব্লেন্ড করতে হবে।
> প্লাস্টিক র্যাপিং না থাকলে ভারী কোনো ঢাকনা দিয়েও ঢাকা যাবে। তবে খেয়াল রাখতে হবে যেন বাতাস ঢুকতে না পারে।