চীনের রঙিন নুডলস এবার ঘরেই তৈরি করুন
চাইনিজ খাবারের প্রতি ঝোঁক বাঙালির অনেক দিন থেকেই। চাউমিন থেকে শুরু করে স্যুপ সবই হতে হবে চীনা স্টাইলে। তবে এই করোনাকালে রেস্তোরাঁয় যাওয়া তো একেবারেই নিরাপদ নয়। তাই বাড়িতেই বানিয়ে স্বাদ নিতে পারেন চীনের রঙিন নুডলসের।
ভিনদেশী খাবারের নাম শুনেই হয়তো ভয় পাচ্ছেন। মনে করছেন কত কিছুই না লাগবে। না, এই নুডলস রান্না করতে লাগবে সাধারণ কিছু উপকরণ। জেনে নিন রেসিপিটি-
উপকরণ: সিদ্ধ নুডলস মাঝারি এক বাটি, ডিম ২টি, মুরগির মাংস আধা কাপ, চিংড়ি আধা কাপ, লাল, হলুদ ও সবুজ ক্যাপসিকাম পাতলা ও লম্বা করে কাটা এক কাপ, পেঁয়াজ, গাজর, ব্রকোলি, মাশরুম টুকরো করে কাটা এক কাপ, আদা ও রসুন কুচি দেড় চামচ করে, চিলি ফ্লেক্স এক টেবিল চামচ, সয়া সস এক টেবিল চামচ, টমেটো সস এক টেবিল চামচ, আপেল সিডার ভিনিগার আধা চা চামচ, পেঁয়াজ পাতা কুচি এক টেবিল চামচ,গোল মরিচ গুঁড়া এক চা চামচ, লবণ ও মরিচ গুঁড়া স্বাদ মতো, তেল প্রয়োজন মতো।
আরো পড়ুন: বিকেলের জম্পেশ আড্ডা জমবে ডিম পাকোড়ায়
প্রণালী: প্যানে তেল গরম করে আদা-রসুন কুঁচি ফোড়ন দিন। সব সবজি দিয়ে নেড়ে চেড়ে মুরগির মাংস, ডিম ঝুরি ও চিংড়ি দিয়ে সামান্য ভেজে তুলে রাখুন। এবারে বাকি তেলে সিদ্ধ নুডলস ঢেলে ভালো করে ভেজে নিন। এবার সব সস, ভিনিগার, চিলি ফ্লেক্স ও মরিচ গুঁড়া দিয়ে নেড়ে তুলে রাখা মাংস ও সবজি মিশিয়ে নিন। নামিয়ে পেঁয়াজ পাতা কুচি ও গোলমরিচ গুঁড়া ছড়িয়ে পরিবেশন করুন মজাদার চীনের রঙিন নুডলস।