ঢাকা,  মঙ্গলবার   ২৭ অক্টোবর ২০২৬, ১১ কার্তিক ১৪৩৩

[ লাইফস্টাইল ]

স্বাদের ভিন্নতায় আজ তৈরি করুন সুস্বাদু তালের পুডিং

লাইফস্টাইল ডেস্ক
প্রকাশিত: ১৭:৩৯, ১৫ জুলাই ২০২০
স্বাদের ভিন্নতায় আজ তৈরি করুন সুস্বাদু তালের পুডিং
তালের পুডিং

পুডিং খেতে নিশ্চয়ই ভালোবাসেন! দুধ-ডিম দিয়ে তৈরি পুডিং খেতে সত্যি খুব সুস্বাদু লাগে। এছাড়াও রয়েছে হরেক রকম পুডিং। তবে তালের পুডিং কি কখনো খেয়েছেন?

না খেয়ে থাকলে আজ ঘরে বসে খুব সহজেই তৈরি করে ফেলুন তালের পুডিং। যা খেতে যেমন মজাদার তৈরি করাও সহজ। দেরি না করে চলুন জেনে নেয়া যাক কীভাবে ঘরে বসেই বানাবেন তালের পুডিং- 

উপকরণ: চারটি ডিম, এক কাপ তরল দুধ, এক কাপের চার ভাগের এক ভাগ তালের রস, এক কাপের তিন ভাগের এক ভাগ কনডেন্সড মিল্ক, এক কাপের তিন ভাগের এক ভাগ গুঁড়া দুধ, পরিমাণ মতো লবণ, চিনি তিন টেবিল চামচ, এক টেবিল চামচ পানি এবং ক্যারামেল তৈরির উপকরণ।

প্রণালী: প্রথমে ক্যারামেল তৈরি করে নিন। প্যানে পানি ও চিনি দিয়ে নাড়তে থাকুন। হালকা বাদামি হয়ে আসলে নামিয়ে সামান্য ঠাণ্ডা করুন। পুডিং বসানোর মোল্ড ঘি দিয়ে ব্রাশ করে ক্যারামেল দিয়ে দিন। ডিম ফেটিয়ে কনডেন্সড মিল্ক ও তালের রস মিশিয়ে নিন। দুধ ও লবণ দিয়ে আবারো ফেটে নিন সব উপকরণ। ছাঁকনি দিয়ে ছেঁকে মিশ্রণটি মোল্ডে দিয়ে দিন। ফয়েল পেপার দিয়ে মোল্ডের মুখ আটকে নিন।

একটি গভীর প্যানে পানি নিন। স্টিলের স্ট্যান্ড বসিয়ে নিন পানির ভেতর। পানি ফুটে উঠলে পুডিংয়ের মোল্ড বসিয়ে নিন স্ট্যান্ডের উপর। ঢাকনা দিয়ে দিন প্যানে। ঢাকনায় ছিদ্র থাকলে সেটা বন্ধ করে দিন। ৩৫ মিনিট পর এসে ফয়েল পেপার খুলে দেখুন হয়েছে কিনা পুডিং। হয়ে গেলে নামিয়ে আধা ঘণ্টা ফ্রিজে রেখে পরিবেশন করুন মজাদার তালের রসের পুডিং।

ডেইলি-বাংলাদেশ/এএ
লিংক সফলভাবে কপি হয়েছে!