ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ আইন-আদালত ]

ফের কারাগারে মিল্টন সমাদ্দার, সারাদিন যা হলো কোর্টে

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৬:৫৪, ৯ মে ২০২৪
ফের কারাগারে মিল্টন সমাদ্দার, সারাদিন যা হলো কোর্টে
ফাইল ফটো

মানবপাচার আইনের আরেক মামলায় রিমান্ড শেষে ‘চাইল্ড অ্যান্ড ওল্ড এজ কেয়ার’ আশ্রমের চেয়ারম্যান মিল্টন সমাদ্দারের জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠিয়েছেন আদালত।

বৃহস্পতিবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট ফারজানা শাকিলা সুমু চৌধুরীর আদালত শুনানি শেষে এ আদেশ দেন।

এদিন চারদিনের রিমান্ড শেষে তাকে আদালতে হাজির করা হয়। এরপর তদন্ত শেষ না হওয়া পর্যন্ত তাকে কারাগারে আটক রাখার আবেদন করে ডিবি পুলিশ।

Advertisement

এ সময় আসামিপক্ষে তার আইনজীবী জামিন চেয়ে আবেদন করেন। অন্যদিকে রাষ্ট্রপক্ষ জামিনের বিরোধিতা করেন। উভয়পক্ষের শুনানি শেষে আদালত তার জামিন নামঞ্জুর করেন।

গত ২ মে প্রতারণার আশ্রয় নিয়ে জালজালিয়াতির মাধ্যমে মৃত্যু সনদ তৈরি করার অভিযোগে করা মামলায় তার তিনদিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত। রিমান্ড শেষে গত ৫ মে তাকে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হয়। তখন এ মামলায় তাকে কারাগারে আটক রাখার আবেদন করেন তদন্ত কর্মকর্তা মিরপুর জোনাল টিমের উপপরিদর্শক মোহাম্মদ কামাল হোসেন।

এছাড়া মানবপাচার আইনের আরেক মামলায় তাকে গ্রেফতার দেখানোসহ সাতদিনের রিমান্ড চেয়ে আবেদন করে ডিবি পুলিশ। পরে দুপুরে শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট বেগম শান্তা আক্তারের আদালত তার ফের চারদিনের রিমান্ড মঞ্জুর করেন।

এর আগে রাজধানীর মিরপুর থেকে গত ১ মে রাতে মিল্টন সমাদ্দারকে গ্রেফতার করা হয়। তার বিরুদ্ধে জাল মৃত্যু সনদ তৈরি, টর্চার সেলে মানুষজনকে নির্যাতন ও মানবপাচারের অভিযোগে তিনটি মামলা করা হয়েছে।

ডেইলি-বাংলাদেশ/আরএইচ
লিংক সফলভাবে কপি হয়েছে!