ঢাকা,  শুক্রবার   ২৩ অক্টোবর ২০২৬, ৭ কার্তিক ১৪৩৩

[ আইন-আদালত ]
কোকেন মামলা

পেরুর নাগরিকের যাবজ্জীবন, পাকিস্তানি নাগরিকের দশ বছরের সাজা

মিনহাজুল ইসলাম 
প্রকাশিত: ১৩:৫৬, ৭ ফেব্রুয়ারি ২০২৪
পেরুর নাগরিকের যাবজ্জীবন, পাকিস্তানি নাগরিকের দশ বছরের সাজা
ছবি: সংগৃহীত

রাজধানীর তেজগাঁও এলাকার ওয়েস্টার্ন হোটেল থেকে ৩ কেজি কোকেন উদ্ধারের ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলায় পেরুর নাগরিক জাগাসেতা আলভারাডো জুয়ানার যাবজ্জীবন কারাদণ্ডের রায় ঘোষণা করেছেন আদালত। এছাড়া পাকিস্তানি নাগরিক আশরাফ নাসিমের দশ বছরের কারাদণ্ডের আদেশ দেওয়া হয়েছে।

বুধবার দুপুরে ঢাকার তৃতীয় অতিরিক্ত মহানগর দায়রা জজ শেখ ছামিদুল ইসলামের আদালত এ রায় ঘোষণা করেন। এছাড়া অভিযোগ প্রমাণিত না হওয়ায় চার বাংলাদেশিকে খালাস প্রদান করেছেন আদালত।

রায় ঘোষণার আগে পেরুর নাগরিক জাগাসেতা আলভারাডো জুয়ানারকে কারাগার থেকে আদালতে হাজির করা হয়। রায় ঘোষণা শেষে তাকে সাজা পরোয়ানা দিয়ে কারাগারে পাঠানো হয়। মামলার আসামি তানিয়া জামিনে থেকে হাজিরা দেন। পাকিস্তানি নাগরিকসহ চার আসামি পলাতক রয়েছেন।

মামলায় খালাস পাওয়া আসামিরা হলেন- মো. মোস্তফা, শামসুল হক, হালিমা খানন সাদিয়া ও  সাবরিনা নাসরিন তানিয়া। 

সংশ্লিষ্ট আদালতের রাষ্ট্রপক্ষের আইনজীবী মোহাম্মদ সালাউদ্দিন হাওলাদার এসব তথ্য নিশ্চিত করেন। মামলার অভিযোগ থেকে জানা যায়, ২০১৩ সালের ১১ জুন রাজধানীর তেজগাঁও এলাকায় গোপন সূত্রে খবর পেয়ে ওয়েস্টার্ন হোটেল লাভিঞ্চি হোটেলের সপ্তম তলায় উপস্থিত হন মাদকদ্রব্য নিয়ন্ত্রণের অধিদফতরের কর্মকর্তারা। ঐ হোটেলের ৭০৭ নং রুমে ভেতরে প্রবেশ করে আসামিদের তল্লাশি করেন। এসময় পেরুর নাগরিক জাগাসেতা আলভারাডো জুয়ানার দখলে থাকা একটি ট্রাভেল ব্যাগের ভেতর থেকে তিন কেজি কোকেন জব্দ করা হয়। 

এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের পরিদর্শক মোফাজ্জল হোসেন বাদী মামলাটি দায়ের করেন। মামলাটি তদন্ত করে ২০১৩ সালের ১৭ সেপ্টেম্বর মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের পরিদর্শক ওবায়দুল করীম ছয় আসামির বিরুদ্ধে অভিযোগপত্র জমা দেন। 

২০১৫ সালের ১৮ জুন আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ দেন আদালত। মামলাটির বিচার চলাকালীন সময়ে ২৫ সাক্ষীর মধ্যে ১৫ জন সাক্ষ্য দেন।

ডেইলি-বাংলাদেশ/জেডআর
ট্যাগ: মামলা
Durga Puja
লিংক সফলভাবে কপি হয়েছে!