ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ আইন-আদালত ]

কাস্টম হাউজের সোনা চুরি: প্রতিবেদন ১ জানুয়ারি 

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৫:১৫, ২৩ নভেম্বর ২০২৩
কাস্টম হাউজের সোনা চুরি: প্রতিবেদন ১ জানুয়ারি 
ফাইল ফটো

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে কাস্টম হাউজের নিজস্ব গুদাম থেকে ৫৫.৫১ কেজি সোনা চুরির ঘটনায় করা মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য আগামী বছরের ১ জানুয়ারি দিন ধার্য করেছেন আদালত।

বৃহস্পতিবার বিমানবন্দর থানার আদালতের সাধারণ নিবন্ধন শাখা সূত্রে বিষয়টি জানা গেছে।

বুধবার মামলার প্রতিবেদন দাখিলের দিন ধার্য ছিল। তবে এদিন মামলার তদন্ত কর্মকর্তা প্রতিবেদন দাখিল করতে পারেননি। এজন্য ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট নরুল হুদা চৌধুরী প্রতিবেদন দাখিলের জন্য নতুন এদিন ধার্য করেন।

Advertisement

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে কাস্টম হাউজের নিজস্ব গুদাম থেকে ৫৫.৫১ কেজি সোনা চুরির ঘটনায় বিমানবন্দর থানায় মামলা কাস্টম হাউজের সহকারী রাজস্ব কর্মকর্তা সোহরাব হোসেন বাদী হয়ে রোববার রাত সাড়ে ১০টার দিকে মামলাটি করেন।

মামলার এজাহারে বলা হয়েছে, হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ঢাকা কাস্টম হাউসের গুদাম থেকে ৫৫ কেজি ৫০১ গ্রাম সোনা খোয়া গেছে, যার আনুমানিক বাজারমূল্য ৫০ কোটি টাকার বেশি। সাধারণত বিমানবন্দরে যাত্রীদের কাছ থেকে উদ্ধার করা সোনার বার, অলংকারসহ মূল্যবান জিনিস এই গুদামে রাখা হয়। গুদামে রক্ষিত সোনার হিসাব মেলাতে গিয়েই ঘটনাটি প্রকাশ্যে আসে।

তদন্ত সংশ্লিষ্টদের ধারণা, কোনো চক্র সুকৌশলে কাস্টম হাউস থেকে সোনা সরিয়ে ফেলেছে। দীর্ঘদিন ধরে অল্প অল্প করে সরানো হয়েছে, নাকি একবারেই গায়েব করা তা নিশ্চিত করার চেষ্টা চলছে। আশপাশের সিসি ক্যামেরার ফুটেজ বিশ্লেষণ করা হচ্ছে।

ডেইলি-বাংলাদেশ/আরএইচ
লিংক সফলভাবে কপি হয়েছে!