বৃহস্পতিবার ঢাকার ৮ম অতিরিক্ত মহানগর দায়রা জজ সৈয়দা হাফসা ঝুমার আদালতে সাক্ষ্যগ্রহণের দিন ধার্য ছিল। তবে এদিন শাকিব খান জ্বরে আক্রান্ত থাকার জন্য আদালতে সাক্ষ্য দিতে উপস্থিত হননি। শাকিব খানের আইনজীবী সূত্রে এ তথ্য জানা গেছে।
গত ৯ আগস্ট সাক্ষ্যগ্রহণের জন্য প্রথম দিন ধার্য ছিল। তবে প্রথম দিনই পেশাগত ব্যস্ততার কারণে সাক্ষ্য দিতে আসেননি শাকিব খান।
.png)
মামলার সূত্রে জানা যায়, গত ৫ জুলাই প্রযোজক রহমত উল্লাহর বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরু করেন আদালত। একই সঙ্গে মামলার সাক্ষ্যগ্রহণের জন্য ৯ আগস্ট দিন ধার্য করা হয়। অভিযোগ গঠনের সময় রহমত উল্লাহ নিজেকে নির্দোষ দাবি করে ন্যায়বিচার প্রত্যাশা করেন।
এদিন শাকিব খানের আইনজীবী খায়রুল হাসান আসামি রহমত উল্লাহর আদালতের অনুমতি ছাড়া বিদেশ যেতে নিষেধাজ্ঞা চেয়ে আবেদন করেন। আদালত আবেদনটি মঞ্জুর করেন। ফলে আদালতের অনুমতি ছাড়া রহমত উল্লাহ বিদেশ যেতে পারবেন না।
গত ২৩ মার্চ দুপুরে ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আরাফাতুল রাকিবের আদালতে শাকিব খান বাদী হয়ে রহমত উল্লাহর নামে এ মামলা করেন। আদালত বাদীর জবানবন্দি গ্রহণ করে আসামি রহমত উল্লাহকে ২৬ এপ্রিল আদালতে হাজির হতে সমন জারি করেন। পরে গত ২৬ এপ্রিল ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আরাফাতুল রাকিবের আদালতে তিনি আত্মসমর্পণ করে আইনজীবীর মাধ্যমে জামিনের আবেদন করেন। আদালত শুনানি শেষে তার জামিন মঞ্জুর করেন।