ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ আইন-আদালত ]

নিজেকে নির্দোষ দাবি করলেন সাহেদ

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৭:১৬, ২৫ জুলাই ২০২৩
নিজেকে নির্দোষ দাবি করলেন সাহেদ
মোহাম্মদ সাহেদ করিম- ফাইল ফটো

অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে দুদকের মামলায় রিজেন্ট হাসপাতালের চেয়ারম্যান মোহাম্মদ সাহেদ করিম আদালতে নিজেকে নির্দোষ দাবি করে ন্যায়বিচার প্রার্থনা করেছেন।

মঙ্গলবার ঢাকার বিশেষ জজ আদালত-৭ এর বিচারক প্রদীপ কুমার রায়ের আদালতে আত্মপক্ষ সমর্থনে এ দাবি করেন সাহেদ করিম। 

এরপর মামলার যুক্তিতর্ক উপস্থাপনের জন্য আগামী ১০ আগস্ট দিন ধার্য করেছেন প্রদীপ কুমার রায়ের আদালত। 

Advertisement

গত ১৭ জুলাই মামলার সাক্ষ্যগ্রহণ শেষ হয়। সেদিন মামলার তদন্ত কর্মকর্তা দুদকের পরিচালক ফরিদ আহমেদ পাটোয়ারী সাক্ষ্য দেন। তার সাক্ষ্যগ্রহণের মাধ্যমে এ মামলার সাক্ষ্য সমাপ্ত হয়। সাক্ষ্যগ্রহণ চলাকালে মোট দশজন সাক্ষীর সবাই বিভিন্ন সময়ে সাক্ষ্য দেন। 

জানা যায়, ২০২০ সালের ৫ নভেম্বর নির্ধারিত ২১ কার্যদিবসের মধ্যে সম্পদের হিসাব জমা দিতে সাহেদকে নোটিশ দেয় দুদক। এ সময়ে তিনি সম্পদের হিসাব জমা না দেওয়ায় আরো ১৫ কার্যদিবস সময় দেওয়া হয়েছিল। তবে বর্ধিত সময়ের মধ্যেও সম্পদ বিবরণী জমা না দেওয়ায় অনুসন্ধানে নামে দুদক। অনুসন্ধানে তার বিরুদ্ধে ১ কোটি ৬৯ লাখ টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ পাওয়া যায়।

এ অভিযোগে ২০২১ সালের ১ মার্চ সাহেদের বিরুদ্ধে দুদকের সমন্বিত ঢাকা জেলা কার্যালয়-১ এ মামলা দায়ের করা হয়। পরে ২০২২ সালের ১৭ এপ্রিল মামলায় অভিযোগ গঠন করে সাহেদের বিরুদ্ধে আনুষ্ঠানিক বিচারকাজ শুরুর আদেশ দেন আদালত।

ডেইলি-বাংলাদেশ/আরএইচ
লিংক সফলভাবে কপি হয়েছে!