ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ আইন-আদালত ]

বাংলাদেশের মানুষ ধর্মনিরপেক্ষতায় বিশ্বাস করে: প্রধান বিচারপতি

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১২:২৮, ২৬ জানুয়ারি ২০২৩
বাংলাদেশের মানুষ ধর্মনিরপেক্ষতায় বিশ্বাস করে: প্রধান বিচারপতি
সুপ্রিম কোর্ট কর্মকর্তা-কর্মচারী পূজা উদযাপন পরিষদ আয়োজিত বাণী অর্চনা অনুষ্ঠানে বক্তব্য রাখেন প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী- ছবি: সংগৃহীত

সাম্প্রদায়িক শক্তি যেন কোনোভাবেই মাথাচাড়া দিয়ে উঠতে না পারে সে ব্যাপারে সব ধর্মের মানুষকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী। তিনি বলেন, বাংলাদেশের মানুষ ধর্মনিরপেক্ষতায় বিশ্বাস করে।

বৃহস্পতিবার সুপ্রিম কোর্ট কর্মকর্তা-কর্মচারী পূজা উদযাপন পরিষদ আয়োজিত বাণী অর্চনা অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।

প্রধান বিচারপতি বলেন, একটা জিনিস মনে রাখতে হবে, আমরা বাঙালি। এর মধ্যে কেউ মুসলিম, কেউ হিন্দু, কেউ বৌদ্ধ, কেউ খ্রিস্টান। আমাদের একমাত্র পরিচয় হওয়া উচিত আমরা বাঙালি। এদেশের প্রকৃতি কেমন হবে তা মুক্তিযুদ্ধের মাধ্যমে নির্ধারণ হয়ে গেছে। এটা বাঙালিদের দেশ, এটা বাংলাদেশিদের দেশ। এই দেশের মানুষ ধর্মনিরপেক্ষতায় বিশ্বাস করে। এটা কারো করুণা নয়। 

Advertisement

সংবিধান ধর্মনিরপেক্ষতার গ্যারান্টি দিয়েছে উল্লেখ করে তিনি বলেন, বাংলাদেশের আইন, বাংলাদেশের সংস্কৃতি কেমন হবে সেটা আমাদের সংবিধানে উল্লেখ আছে। কার স্ট্যাটাস কেমন হবে সেটাও উল্লেখ আছে। আমরা কেউ মেজরিটি না আবার কেউ মাইনরিটিও না। সবাই আমরা এদেশের নাগরিক। সবার পরিচয় আমরা বাঙালি। কেউ নিজেকে মাইনরিটি কমিউনিটির লোক হিসেবে ভাববেন না। এটা ভাবার কোনো অবকাশ নেই।

দুর্নীতি, মানিলন্ডারিংয়ের বিরুদ্ধে সবাইকে শক্ত অবস্থান নেয়া ও ইউক্রেন-রাশিয়া যুদ্ধের কারণে ব্যয় সংকোচন করে চলার আহ্বান জানান তিনি।

ডেইলি-বাংলাদেশ/এমএস
লিংক সফলভাবে কপি হয়েছে!