শিপ্রার ছবি পোস্টকারী দুই পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে রিট
রাজধানীর স্ট্যামফোর্ড বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী শিপ্রা দেবনাথের ব্যক্তিগত মুহূর্তের ছবি ফেসবুকে উস্কানিমূলক বক্তব্য দিয়ে পোস্টকারী দুই পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা নিতে হাইকোর্টে রিট দায়ের করা হয়েছে।
সোমবার সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার মনোজ কুমার ভৌমিক এ রিট করেন।
রিটে জড়িত পুলিশ কর্মকর্তাদের ফেসবুক পোস্টের ব্যাপারে তদন্ত করে ব্যবস্থা নেয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে আদেশ দেয়ার আর্জি জানানো হয়েছে। তিনি বলেন, হাইকোর্টে আগামীকাল মঙ্গলবার এ রিটের শুনানি অনুষ্ঠিত হতে পারে।
.png)
একটি ইংরেজি গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদনকে ভিত্তি করে এ রিট আবেদনটি করেন তিনি। ওই প্রতিবেদনে বলা হয়, নিহত অবসরপ্রাপ্ত মেজর সিনহা মোহাম্মদ রাশেদ খানের ভিডিও তৈরির উদ্যোগের সহকর্মী শিপ্রা দেবনাথ অনলাইনে হয়রানির শিকার হচ্ছেন।
এ প্রসঙ্গে শিপ্রার ছোট ভাই শুভজিৎ কুমার দেবনাথ বলেন, পুলিশের উঁচু পর্যায়ের কিছু কর্মকর্তা ও লোক শিপ্রার ব্যক্তিগত মুহূর্তের ছবি ও উস্কানিমূলক কথাবার্তা ফেসবুকে ছড়িয়ে চরিত্র হননের অপচেষ্টায় লিপ্ত রয়েছে।
গত ১৪ আগস্ট সাতক্ষীরার পুলিশ সুপার মোস্তাফিজুর রহমান শিপ্রার ব্যক্তিগত কিছু মুহূর্তের ছবি ফেসবুকে পোস্ট করে তার নির্দোষ হওয়ার ব্যাপারে সন্দেহ প্রকাশ করেন। এ ধরনের আরো ছবি আসার ব্যাপারেও ইঙ্গিত করেন তিনি।
এছাড়া ঢাকা মহানগর দক্ষিণের পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের এসপি মিজানুর রহমান শেলিও একই ধরনের পোস্ট দেন। শিপ্রার কিছু ছবি পোস্ট করে তিনি তার বিরুদ্ধে হওয়া মামলার যথার্থতার পক্ষে নিজের অবস্থানের কথা ফেসবুকে তুলে ধরেন।
এই পোস্টগুলোতে যেসব মন্তব্য এসেছে তার অনেকগুলোই ছিল শিপ্রার জন্য অবমাননাকর। অধীনস্থ কিছু পুলিশ কর্মকর্তাকেও সেখানে এসপির পক্ষে মন্তব্য করতে দেখা গেছে।
ওই প্রতিবেদন অনুসারে, পুলিশ কর্মকর্তাদের দ্বারা পরিচালিত কিছু ফেসবুক গ্রুপ যেমন: ‘পুলিশই জনতা, জনতাই পুলিশ’, ‘স্যালুট টু বিডি পুলিশ’ গ্রুপেও পোস্ট করা হয় ছবিগুলো।