কুলিয়ারচরে মাটি ভরাট নিয়ে তিনজনকে কোপাল প্রতিপক্ষ
কিশোরগঞ্জের কুলিয়ারচরে মাটি ভরাট নিয়ে বিরোধের জেরে তিনজনকে কুপিয়ে গুরুতর আহত করেছে প্রতিপক্ষ। আহতদের মধ্যে আশঙ্কাজনক অবস্থায় মনির হোসেন নামে একজনকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পাঠানো হয়েছে।
উপজেলার ছয়সূতি ইউপির ছয়সূতি গ্রামের গ্রীস বাড়িতে শুক্রবার রাত ১টার দিকে এ হামলার ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, ছয়সূতি গ্রামের গ্রীস প্রবাসী মঞ্জু মিয়ার সঙ্গে বাড়িতে মাটি ভরাট নিয়ে একই গ্রামের মুসলিম মিয়ার ছেলেদের সঙ্গে কথাকাটি হয়। পরে এ ঘটনাকে কেন্দ্র করে মঞ্জু মিয়ার বাড়িতে হামলার ঘটনা ঘটে। এ সময় মঞ্জু মিয়া, তার স্ত্রী ময়মন নেছা ও তাদের ছেলে মনির হোসেন গুরুতর আহত হয়। পরে তাদের উদ্ধার করে প্রথমে কুলিয়ার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং পরে জহুরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতাল পাঠানো হয়।
এছাড়া আশঙ্কাজনক অবস্থায় মনির হোসেনকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পাঠায় চিকিৎসকরা।
আহত মঞ্জু মিয়া বলেন, রাতে খাবার শেষে আমরা সবাই ঘুমিয়ে ছিলাম। রাত ১টার দিকে বাইরে থেকে একজন ডেকে বলছে খামার থেকে কারা যেন মুরগি চুরি করে নিয়ে যাচ্ছে। পরে আমার ছেলে ঘরের দরজা খুলতেই মুসলিম মিয়ার ছেলেরা অতর্কিত হামলা চালায়। তারা এলোপাতারি কুপিয়ে আমাকে, আমার স্ত্রী এবং আমার ছেলে মনির হোসেনকে গুরুতর আহত করে। এসময় তারা টাকা ও স্বর্ণালংকার লুটে নেয়।
পরে এ ঘটনায় আহতের ভাই জাকির হোসেন বাদী হয়ে কাউছার মিয়াকে প্রধান অভিযুক্ত করে তিনজনের নাম উল্লেখ করে কুলিয়ারচর থানায় মামলা করেছেন।
এদিকে গ্রেফতার এড়াতে পলাতক থাকার কারণে কাউছার মিয়ার সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি।
কুলিয়ারচর থানার ওসি আব্দুল হাই তালুকদার জানান, এ ঘটনায় একজনকে গ্রেফতার করে জেল হাজতে পাঠানো হয়েছে। মামলার অন্য আসামিদেরও গ্রেফতারের চেষ্টা চলছে।