ঢাকা,  মঙ্গলবার   ২২ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ শিশুকিশোর ]

শরৎ মানে

ওয়াহিদ ওয়াসেক
প্রকাশিত: ১৮:৪২, ২২ সেপ্টেম্বর ২০২৬
শরৎ মানে
শরৎ মানে— মিনজিরি, হিমঝুরি/ ঝরছে পাতা ফুটছে নতুন কুঁড়ি।/ রাত্রিজুড়ে জোৎস্নামাখা আলো/ নিসর্গটা দেখতে ভীষণ ভালো।

শরৎ মানে— মেঘের সাদা তুলো
ফুটছে শিউলি ফুটছে কাশের ফুলও।

উড়ছে ফড়িং উড়ছে বকের সারি
বিল পেরুলেই সুজন মাঝির বাড়ি।

Advertisement

নদীর উপর ওই উড়ে গাঙচিলে
যায় সেজে যায় আকাশ গাঢ় নীলে।

সবুজ রঙে যায় পরিবেশ ছেঁয়ে
মেঘের পাহাড় রোদকে চলে ধেয়ে।

শরৎ মানে— বৃষ্টি হঠাৎ আসা
শান্ত, কোমল বিশ্রামে সব চাষা।

রোদের আলো বিচ্ছিরি আর ফিকে
কক্ষনো ঠিক মিষ্টি ও চিকচিকে।

আম্মা বানান তালের রসে পিঠা
নানান স্বাদে টকটকে ঝাল, মিঠা।

শিশিরভেজা সুবাসমাখা ভোরে
ফড়িংছানা দূর্বাঘাসে ওড়ে।

শরৎ মানে— পাখির ডাকাডাকি
‘পুজোর দাওয়াত’ পত্র দিলো আঁখি।

ধানের সবুজ নরোম কচি চারা
আকাশজুড়ে লক্ষ, কোটি তারা।

একটুখানি মিশেল গরম, শীতে
রাত কেটে যায় ডাহুক, ঝিঁঝির গীতে।

চাঁদটা যেন আদর, চুমোয় হেসে
পূর্ব থেকে পশ্চিমে যায় ভেসে।

শরৎ মানে— মিনজিরি, হিমঝুরি
ঝরছে পাতা ফুটছে নতুন কুঁড়ি।

রাত্রিজুড়ে জোৎস্নামাখা আলো
নিসর্গটা দেখতে ভীষণ ভালো।

ডেইলি-বাংলাদেশ/এসএমএম
লিংক সফলভাবে কপি হয়েছে!