ঢাকা,  বুধবার   ২১ অক্টোবর ২০২৬, ৪ কার্তিক ১৪৩৩

[ আন্তর্জাতিক ]

আস্থা না ফিরলে যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো আলোচনা নয় : ইরান

ডেইলি-বাংলাদেশ ডেস্ক
প্রকাশিত: ০৯:০৬, ২১ অক্টোবর ২০২৬
আস্থা না ফিরলে যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো আলোচনা নয় : ইরান
সংগৃহীত ছবি

যুক্তরাষ্ট্রের সঙ্গে পুনরায় কূটনৈতিক আলোচনায় বসার আগে ওয়াশিংটনকে আস্থা পুনর্গঠনের কার্যকর পদক্ষেপ নিতে হবে বলে স্পষ্ট জানিয়ে দিয়েছে ইরান।

মঙ্গলবার (২০ অক্টোবর) সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বিবৃতিতে দেশটির সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা পরিষদের সচিব মেজর জেনারেল মোহসেন রেজাই এ কথা জানান। তেহরানের সব দাবি ও শর্ত পূরণ না হওয়া পর্যন্ত যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো আলোচনা হবে না বলেও তিনি হুঁশিয়ারি দেন।

এএফপির প্রতিবেদনে বলা হয়, গত মাসে কাতারের মধ্যস্থতায় যুক্তরাষ্ট্রের কাছে ৭টি শর্ত পাঠিয়েছিল তেহরান। এসব শর্তের মধ্যে সামরিক সংঘাত বন্ধ, ইরানের জব্দ করা অর্থ ছাড় দেওয়া এবং নৌ অবরোধ প্রত্যাহারের দাবি ছিল প্রধান। তবে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসনের জবাবকে অপর্যাপ্ত বলে প্রত্যাখ্যান করেছেন রেজাই। এছাড়া, ইউরেনিয়াম সমৃদ্ধকরণ ইস্যুতে যুক্তরাষ্ট্রের দাবি নাকচ করে দিয়ে তিনি জানান, ইরানের সমৃদ্ধ ইউরেনিয়ামের এক গ্রামও দেশের বাইরে পাঠানো হবে না; এগুলো জাতীয় সম্পদ হিসেবে দেশের অভ্যন্তরেই ব্যবহৃত হবে।

অন্যদিকে, আন্তর্জাতিক বাণিজ্যের জন্য গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালি পুনরায় চালুর ক্ষেত্রেও তেহরান তাদের আরোপিত শর্তগুলো মেনে নেওয়ার আহ্বান জানিয়েছে। পারমাণবিক কর্মসূচি এবং বাণিজ্যিক অবরোধ প্রত্যাহার নিয়ে দুই দেশের মুখোমুখি অবস্থানে আলোচনা শুরুর ক্ষেত্রে বড় ধরনের অনিশ্চয়তা তৈরি হয়েছে।

ডেইলি-বাংলাদেশ/এআর
লিংক সফলভাবে কপি হয়েছে!