চীনের উপকূলে ধেয়ে আসছে টাইফুন নউল, সর্বোচ্চ প্রস্তুতিতে প্রশাসন
শক্তিশালী টাইফুন 'নউল'-এর প্রভাবে চীনের দক্ষিণাঞ্চলের উপকূলীয় এলাকায় সতর্কতা জারি করা হয়েছে। দুর্যোগপূর্ণ পরিস্থিতির কারণে ইতিমধ্যে ২০ হাজারেরও বেশি মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে এবং বেশ কিছু অঞ্চলের ট্রেন চলাচল স্থগিত করা হয়েছে।
শনিবার (২৫ জুলাই) সন্ধ্যা থেকে রোববার (২৬ জুলাই) সকালের মধ্যে হংকং থেকে গুয়াংডং প্রদেশ পর্যন্ত উপকূলীয় এলাকায় টাইফুনটি আঘাত হানতে পারে বলে আশঙ্কা করছে চীনের জাতীয় আবহাওয়া কেন্দ্র। পরিস্থিতি মোকাবিলায় আবহাওয়া অফিস চার স্তরের সতর্কতা ব্যবস্থার দ্বিতীয় সর্বোচ্চ স্তর ‘কমলা সতর্কতা’ বহাল রেখেছে। এর প্রভাবে গুয়াংডং ও পার্শ্ববর্তী ফুজিয়ান প্রদেশে প্রবল ঝোড়ো বাতাসসহ ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।
ঝড়ের ঝুঁকি এড়াতে সাগরে থাকা মাছ ধরার সব নৌযানকে ইতোমধ্যে নিরাপদ বন্দরে ফিরিয়ে আনা হয়েছে। গুয়াংডং প্রদেশের চাওঝৌ শহরের স্কুলগুলোতে সব ধরনের শিক্ষা ও অন্যান্য কার্যক্রম সাময়িকভাবে স্থগিত রাখার নির্দেশ দেওয়া হয়েছে। পাশাপাশি, শনিবার সকাল থেকে গুয়াংডংয়ের কয়েকটি এবং রোববার প্রদেশটির সম্পূর্ণ ট্রেন পরিষেবা স্থগিত রাখার ঘোষণা দেওয়া হয়েছে।
উল্লেখ্য, চলতি মাসেই চীনের দক্ষিণ ও মধ্যাঞ্চলে চরম আবহাওয়া বড় ধরনের ক্ষতি ডেকে এনেছে। এর আগে টাইফুন 'মায়সাক'-এর প্রভাবে গুয়াংশি অঞ্চলে ভয়াবহ বন্যায় ৩৯ জন এবং হুবেই প্রদেশে বজ্রঝড় ও প্রবল বাতাসে ১১ জন নিহত হন। বিজ্ঞানীদের মতে, জীবাশ্ম জ্বালানি ব্যবহারের ফলে বিশ্ব উষ্ণায়ন বাড়ায় বিশ্বজুড়ে চরম আবহাওয়ার ঘটনা আরও ঘন ঘন ও তীব্র হয়ে উঠছে। বিশ্বের শীর্ষ গ্রিনহাউস গ্যাস নিঃসরণকারী দেশ চীন ২০৬০ সালের মধ্যে নিজেদের অর্থনীতিকে কার্বন-নিরপেক্ষ পর্যায়ে নিয়ে যাওয়ার লক্ষ্য নির্ধারণ করেছে।