রাশিয়া ও চীন ইরানের ওপর জাতিসংঘের নিষেধাজ্ঞা তদারকির জন্য গঠিত ১৭৩৭ কমিটির কার্যক্রম নিয়ে আলোচনা বন্ধের প্রস্তাব দিলে তা ১১-২ ভোটে খারিজ হয়ে যায়। এরপর যুক্তরাষ্ট্রের প্রতিনিধি মাইক ওয়াল্টজ মস্কো ও বেইজিংয়ের বিরুদ্ধে তেহরানকে আড়াল করার অভিযোগ তোলেন। তিনি ইরানের বিরুদ্ধে অস্ত্র নিষেধাজ্ঞা কার্যকর, ক্ষেপণাস্ত্র প্রযুক্তি হস্তান্তর বন্ধ এবং সংশ্লিষ্ট আর্থিক সম্পদ জব্দের আহ্বান জানান।
মার্কিন প্রতিনিধি আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থার (আইএইএ) বরাত দিয়ে দাবি করেন, ইরান ৬০ শতাংশ পর্যন্ত ইউরেনিয়াম সমৃদ্ধ করেছে এবং আইএইএ-কে পূর্ণ তদারকির সুযোগ দিচ্ছে না, যা অস্ত্রবিহীন দেশগুলোর জন্য উদ্বেগজনক।
.png)
এ অভিযোগ প্রত্যাখ্যান করে রাশিয়ার দূত ভ্যাসিলি নেবেনজিয়া বলেন, যুক্তরাষ্ট্র অযথা আতঙ্ক ছড়িয়ে ইরানের বিরুদ্ধে সামরিক অভিযানের অজুহাত তৈরি করছে। চীনের প্রতিনিধি ফু কং যুক্তরাষ্ট্রের সমালোচনা করে বলেন, আলোচনা চলমান থাকা অবস্থায় ওয়াশিংটনের শক্তি প্রদর্শনের নীতি কূটনৈতিক প্রচেষ্টাকে দুর্বল করেছে।
এ পরিস্থিতিতে ইরানের রাষ্ট্রদূত আমির সাঈদ ইরাভানি জানান, ইরানের পারমাণবিক কর্মসূচি শান্তিপূর্ণ এবং নতুন করে কোনো নিষেধাজ্ঞা বা চাপ তারা মেনে নেবে না।
সূত্র: রয়টার্স