ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ আন্তর্জাতিক ]

বিস্ফোরণে ঝলসানো শরীর নিয়ে হাঁটছেন যুবক, ছবি তুলতে ব্যস্ত সবাই

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ২১:০০, ২৩ ডিসেম্বর ২০২৪
বিস্ফোরণে ঝলসানো শরীর নিয়ে হাঁটছেন যুবক, ছবি তুলতে ব্যস্ত সবাই
ছবি: সংগৃহীত

ভারতের উত্তর-পশ্চিমাঞ্চলীয় রাজ্য রাজস্থানের জয়পুরে ট্যাঙ্কার বিস্ফোরণের ঘটনায় ঝলসে গিয়েছিল এক ব্যক্তির শরীরের বেশির ভাগ। চার দিকে যখন বাঁচার এবং বাঁচানোর হুড়োহুড়ি চলছে, ঝলসানো শরীর নিয়েই ৬০০ মিটার পথ হাঁটলেন এক যুবক। অভিযোগ, উদ্ধারে এগিয়ে আসেননি কেউই। বরং পথচারীরা তাকে ওই অবস্থায় দেখে ছবি তোলায় ব্যস্ত হয়ে পড়েছিলেন।

জানা গেছে, বিস্ফোরণে দগ্ধ সেই যুবক পেশায় একজন মোটর মেকানিক। প্রতিদিনের মতো গত শুক্রবারও জয়পুর-অজমের হাইওয়ে ধরে মোটরবাইক নিয়ে যাচ্ছিলেন। সেই সময় পেট্রোল পাম্পের কাছে সিএনজি ট্যাঙ্কারে বিস্ফোরণ হয়। আর সেই বিস্ফোরণে ঝলসে যান ওই যুবক। ঝলসে গিয়েছিলেন আরো অনেকেই। কারও মৃত্যু হয়েছে, কেউ আবার সঙ্কটজনক। তাদের মধ্যে মোটর মেকানিক এই যুবকও রয়েছেন।

তার ভাই জানান, শুক্রবার ভোর ৫টা ৫০ মিনিটে ফোন আসে যে, জয়পুরে বিস্ফোরণ হয়েছে। সেই বিস্ফোরণে তার ভাই আহত হয়েছেন। খবর পেয়েই ঘটনাস্থলে যান। গিয়ে দেখেন তার ভাই ঝলসানো শরীর নিয়ে রাস্তা দিয়ে হাঁটছেন আর বাঁচানোর আর্তি জানাচ্ছেন। কিন্তু কেউই এগিয়ে আসেননি। পথচারীরা ওই দৃশ্যের ছবি তুলতে ব্যস্ত ছিলেন বলে অভিযোগ।

Advertisement

আহত যুবকের ভাই জানান, দাদাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করান তিনি এবং তার কয়েক জন সঙ্গী। যুবকের অবস্থা সঙ্কটজনক বলে হাসপাতাল সূত্রে খবর। যুবকের শরীরের ৮৫ শতাংশ ঝলসে গিয়েছে বলে জানান তার ভাই।

শুক্রবার ভোরে জয়পুর-অজমের হাইওয়েতে ট্যাঙ্কারে একটি ট্রাক ধাক্কা দিলে বিস্ফোরণ হয়। সেই বিস্ফোরণের আঁচ ৩০০ মিটার দূরত্বে ছড়িয়ে পড়ে। বিস্ফোরণের ঘটনায় ১৪ জনের মৃত্যু হয়েছে। আহতের সংখ্যাও অনেক। পুড়ে গেছে ৪০টিরও বেশি গাড়ি।

সূত্র: টাইমস অফ ইন্ডিয়া

ডেইলি-বাংলাদেশ/মাহাদী
লিংক সফলভাবে কপি হয়েছে!