ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

রান্নাঘরে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ মা-ছেলে

গাজীপুর প্রতিনিধি
প্রকাশিত: ১৫:৪৯, ২২ ডিসেম্বর ২০২৪
রান্নাঘরে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ মা-ছেলে
ছবি: ডেইলি বাংলাদেশ

গাজীপুরের শ্রীপুর পৌরসভার ভাংনাহাটি উত্তরপাড়ায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে মা ও ছেলে গুরুতর দগ্ধ হয়েছেন। শনিবার (২১ ডিসেম্বর) বেলা সাড়ে ১১টায় এ ঘটনা ঘটে।

দগ্ধরা হলেন, আবুল হাশেম প্রধানের স্ত্রী শামসুন্নাহার (৩২) ও তার ছেলে সানোয়ার হোসেন প্রধান (১২)। স্বজনরা তাদের উদ্ধার করে প্রথমে স্থানীয় হাসপাতালে নিয়ে যান। পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে পাঠানো হয়।

শামসুন্নাহারের ভাই মহিউদ্দিন জানান, রান্নাঘরের দরজা-জানালা বন্ধ অবস্থায় শামসুন্নাহার চুলায় আগুন জ্বালানোর সঙ্গে সঙ্গে বিস্ফোরণ ঘটে। এতে ঘরে আগুন ধরে যায় এবং জানালার কাচ নিচতলায় পড়ে যায়। ধারণা করা হচ্ছে, সিলিন্ডার থেকে গ্যাস লিকেজ হয়ে ঘরে জমে থাকার কারণে বিস্ফোরণ ঘটেছে।

Advertisement

মাওনা চৌরাস্তা আলহেরা হাসপাতালের ব্যবস্থাপক মুসা কলিমুল্লাহ জানান, শামসুন্নাহারের শরীরের ৯০ শতাংশ এবং সানোয়ারের মুখমণ্ডল দগ্ধ হয়েছে। তাদের প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

শ্রীপুর মাওনা ফায়ার সার্ভিসের পরিদর্শক মাহমুদুল হাসান বলেন, বিস্ফোরণের বিষয়ে আমাদের কেউ জানায়নি। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।

শ্রীপুর থানার ওসি জয়নাল আবেদীন মণ্ডল জানান, এ বিষয়ে পুলিশকে কেউ অবহিত করেনি। ঘটনা তদন্ত করা হচ্ছে।

ডেইলি-বাংলাদেশ/আরএম
লিংক সফলভাবে কপি হয়েছে!