ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ আন্তর্জাতিক ]

কানাডায় ভারতীয় বিমানের জরুরি অবতরণ

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ২২:৪৯, ১৫ অক্টোবর ২০২৪
কানাডায় ভারতীয় বিমানের জরুরি অবতরণ
ফাইল ফটো

বোমা আতঙ্কে ভারতীয় বিমান সংস্থা এয়ার ইন্ডিয়ার একটি বিমান কানাডার নুনাভুতের ইকালুইট আন্তর্জাতিক বিমানবন্দরে জরুরি অবতরণ করেছে। বিমানটি নয়া দিল্লি থেকে যুক্তরাষ্ট্রের শিকাগোতে যাওয়ার পথে এ ঘটনা ঘটে।

মঙ্গলবার (১৫ অক্টোবর) বিমানটি দিল্লি থেকে সরাসরি শিকাগোতে রওয়ানা দেয়। এরপরই অনলাইনে এক পোস্টের মাধ্যমে জানানো হয় বিমানটিতে বোমা রয়েছে। পরে জরুরি ভিত্তিতে বিমানটি কানাডার একটি বিমানবন্দরে অবতরণ করে।

সংবাদমাধ্যম এনডিটিভি জানিয়েছে, বোমা হামলার ‍ভুয়া হুমকির পর গত ৪৮ ঘণ্টায় ভারতীয় অন্তত ছয়টি ফ্লাইট গ্রাউন্ড করা হয়েছে।

Advertisement

এয়ার ইন্ডিয়ার এক বিবৃতিতে বলা হয়েছে, বোমা নিষ্ক্রিয়কারী ইউনিট বিমানটিতে তল্লাশি চালানোর সময় যাত্রীদের সরিয়ে নেয়া হয়।

বিবৃতিতে এয়ার ইন্ডিয়া বলেছে,  ‘ফ্লাইট এআই ১২৭ দিল্লি থেকে শিকাগোর উদ্দেশে যাত্রা শুরুর পর অনলাইনে করা এক ব্যক্তির পোস্টে নিরাপত্তা হুমকির বিষয়টি জানা যায়। পরে সতর্কতামূলক পদক্ষেপ হিসাবে কানাডার ইকালুইট বিমানবন্দরে অবতরণ করেছে বিমানটি।’

নির্ধারিত নিরাপত্তা প্রটোকল অনুযায়ী, বিমান ও যাত্রীদের পুনরায় তল্লাশি করা হয়। এয়ার ইন্ডিয়া বিমানবন্দরের সংস্থাগুলোকে সহায়তা করার জন্য যাত্রীদের প্রতি আহ্বান জানিয়েছে।

এনডিটিভি বলেছে, মঙ্গলবার এয়ার ইন্ডিয়ার দিল্লি-শিকাগো ফ্লাইট, দাম্মাম-লখনউ ইন্ডিগো ফ্লাইট এবং অযোধ্যা-বেঙ্গালুরু এয়ার ইন্ডিয়ার অপর একটি ফ্লাইট গ্রাউন্ড করা হয়েছে। এর আগে গতকাল সোমবার ইন্ডিগোর দুটি ও এয়ার ইন্ডিয়ার একটি ফ্লাইটও ভুয়া হুমকি পেয়েছিল।

ফ্লাইটের গতিবিধি পর্যবেক্ষণকারী ওয়েবসাইট ফ্লাইটরাডার টোয়েন্টিফোর বলছে, এয়ার ইন্ডিয়ার এআই১২৭ ফ্লাইটটি ভারতের স্থানীয় সময় মঙ্গলবার ভোর ৩টায় নয়াদিল্লি থেকে শিকাগোর উদ্দেশে যাত্রা করে। এই ফ্লাইটটির শিকাগোতে অবতরণের কথা ছিল যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় সন্ধ্যা ৭টায়।

কিন্তু ফ্লাইটটিতে বোমা রাখা রয়েছে বলে ভারতীয় সময় বিকেল ৫টা ৩৮ মিনিটের দিকে তথ্য পায় এয়ার ইন্ডিয়া কর্তৃপক্ষ। পরে তাৎক্ষণিকভাবে পাইলটের সাথে যোগাযোগ করে কানাডার ইকালুইট বিমানবন্দরে জরুরি অবতরণের নির্দেশ দেওয়া হয়। বর্তমানে বিমানটি এখনও ইকালুইট বিমানবন্দরে রয়েছে।

ডেইলি-বাংলাদেশ/মাহাদী
লিংক সফলভাবে কপি হয়েছে!