বুধবার (২ অক্টোবর) সকালে পুনের বাভধান এলাকায় এ দুর্ঘটনা ঘটে বলে সংবাদমাধ্যম এনডিটিভি জানিয়েছে।
জানা গেছে, অক্সফোর্ড গলফ ক্লাবের হেলিপ্যাড থেকে হেলিকপ্টারটি উড্ডয়ন করেছিল। গন্তব্য ছিল মুম্বাই। কিন্তু উড্ডয়নের কিছুক্ষণ পরেই স্থানীয় সময় সকাল ৬টা ৪৫ মিনিটে পুণে শহরের উপকণ্ঠে একটি পাহাড়ি এলাকায় এটি বিধ্বস্ত হয় এবং এতে আগুন ধরে যায়।
.png)
দমকলের প্রধান কর্মকর্তা দেভেন্দ্র পোটফোরি বলেন, হেলিকপ্টার দুর্ঘটনায় দুই পাইলট এবং এক ইঞ্জিনিয়ার নিহত হয়েছেন। তারা হলেন, পাইলট গিরিশ কুমার পিল্লাই,পরমজিৎ সিং এবং প্রকৌশলী প্রীতমচাঁদ ভরদ্বাজ।
তিনি জানান, যখন তারা ঘটনাস্থলে পৌঁছান তখন তারা হেলিকপ্টারটিকে বিধ্বস্ত অবস্থায় দেখতে পান। দুর্ঘটনায় হেলিকপ্টারটির বিভিন্ন অংশ খণ্ড-বিখণ্ড হয়ে ছড়িয়ে ছিটিয়ে ছিল।
তিনি বলেন, ঘটনাস্থল থেকে তিনজনের মরদেহ উদ্ধার করা হয়েছে এবং এসব মরদেহ পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
এদিকে হেলিকপ্টারটি ঠিক কী কারণে বিধ্বস্ত হয়েছে তা জানা যায়নি। তবে স্থানীয় গণমাধ্যমের খবরে বলা হয়েছে, দুর্ঘটনার সময় ওই এলাকায় ঘন কুয়াশা ছিল। দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে এটি বিধ্বস্ত হয়ে থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে।