ঢাকা,  বুধবার   ০৯ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ আন্তর্জাতিক ]

শ্রীলংকায় দর্শকদের ওপর রেসিং কার, নিহত ৭

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১৬:১৯, ২২ এপ্রিল ২০২৪
শ্রীলংকায় দর্শকদের ওপর রেসিং কার, নিহত ৭
ফাইল ছবি

শ্রীলংকায় মোটর রেস চলার সময় একটি গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে লাইন ছেড়ে দর্শকদের মধ্যে ঢুকে পড়ার ঘটনায় সাতজন নিহত হয়েছেন। দেশটির সেনাবাহিনী এ কার রেসের আয়োজন করেছিল। কোভিড এবং অর্থনৈতিক বিপর্যয়ের পর এই প্রথম এমন আয়োজন করা হয়।

রোববার (২১ এপ্রিল) রাজধানী কলম্বো থেকে ১৮০ কিলোমিটার দূরে দিয়াতলাওয়া শহরের ফক্স হিল অঞ্চলে এ কার রেসের ব্যবস্থা করা হয়। ট্র্যাকের দুদিকে জড়ো হন বহু মানুষ। এমন পরিস্থিতির মধ্যে আচমকাই একটি রেসিং কার নিয়ন্ত্রণ হারিয়ে ট্র্যাক থেকে বেরিয়ে দর্শকদের মধ্যে ঢুকে পড়ে। ঘটনাস্থলেই সাতজনের মৃত্যু হয়। আহত হন অন্তত ২১ জন।

পুলিশের মুখপাত্র নিহাল থালডুয়া জানান, সব মিলিয়ে ২৮ জনকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। হাসপাতাল সাতজনকে মৃত বলে ঘোষণা করে। নিহতদের মধ্যে চারজন কর্মকর্তা ছিলেন। একটি আট বছরের শিশুও ছিল। 

Advertisement

পুলিশ জানায়, ঘটনাটি নিয়ে তদন্ত শুরু হয়েছে। কর্মকর্তাদের কোনো গাফিলতি ছিল কি না, তাও খতিয়ে দেখা হচ্ছে। ঘটনার পর বাকি অনুষ্ঠানও বাতিল করে দেওয়া হয়।

শ্রীলংকার সেনাবাহিনী কর্তৃক এমন অনুষ্ঠানের আয়োজন এবারই প্রথম নয়। তবে গত পাঁচ বছরে রেস হয়নি। 

এবার প্রায় ৪৫ হাজার দর্শক রেস দেখতে গিয়েছিলেন। দুর্ঘটনা ঘটার কিছুক্ষণ আগে সেনাপ্রধান ঘোষণা দেন, সাধারণ মানুষ বিনামূল্যে এ রেস দেখতে পারেন। তাদের জন্য দরজা খুলে দেয়া হয়েছে। ওই ঘোষণার পর হাজার হাজার মানুষ ট্র্যাকের দুদিকে জড়ো হন। তারপরই ঘটে এ দুর্ঘটনা।

সূত্র: ডয়চে ভেলে, বিবিসি

ডেইলি-বাংলাদেশ/মাহাদী
লিংক সফলভাবে কপি হয়েছে!