ঢাকা,  বুধবার   ০৯ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে প্রাণ গেল ২ ভাইয়ের

গাজীপুর প্রতিনিধি
প্রকাশিত: ২১:১৯, ১৫ এপ্রিল ২০২৪
মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে প্রাণ গেল ২ ভাইয়ের
কালিয়াকৈর থানা। ফাইল ফটো

গাজীপুরের কালিয়াকৈরে দ্রুতগামী একটি মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের একটি গাছের সঙ্গে ধাক্কা লেগে দুজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত আরো একজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

সোমবার বিকেলে উপজেলার আটাবহ ইউপির শেওড়াতলী এলাকায় এ দুর্ঘটনা ঘটে। কালিয়াকৈর থানা পুলিশ বিষয়টি নিশ্চিত করেছেন।

নিহত দুজন সম্পর্কে চাচাতো ভাই। নিহতরা হলেন ঢাকার আশুলিয়া থানার গোয়াইলবাড়ি গ্রামের নুর ইসলামের ছেলে মো. শফিউদ্দিন ও একই এলাকার নুরুল আমিনের ছেলে রায়হান। আহত বিল্লাল হোসেন একই এলাকার বাসিন্দা।

Advertisement

পুলিশ ও প্রত্যক্ষদর্শীদের সূত্রে জানা যায়, একটি মোটরসাইকেলে বেপরোয়া গতিতে দুজন আরোহী ধামরাইয়ের দিক থেকে কালিয়াকৈরে আসছিল। অতিরিক্ত গতির কারণে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে একটি গাছের সঙ্গে ধাক্কা লাগে। পরে গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা তাদের উদ্ধার করে কালিয়াকৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে তাদের মৃত ঘোষণা করা হয়।

কালিয়াকৈর থানার এসআই সাজিদ আহমেদ বলেন, নিহত ব্যক্তিদের ময়নাতদন্ত করা হয়েছে। তাদের লাশ কালিয়াকৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রাখা হয়েছে। আহত একজনকে উন্নত চিকিৎসার জন্য গাজীপুরে পাঠানো হয়েছে। এ বিষয়ে আইনি প্রক্রিয়া চলছে।

এর আগে রোববার রাতে একই সড়কের কালিয়াকৈরে বাইপাস এলাকায় দ্রুতগামী একটি বাস মোটরসাইকেলকে চাপা দিলে এক দম্পতির মৃত্যু হয়। এ ঘটনার একদিনের মাথায় সড়কে আরো  দুজনের প্রাণ ঝরল।

ডেইলি-বাংলাদেশ/এমকে
লিংক সফলভাবে কপি হয়েছে!