ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ আন্তর্জাতিক ]

পাকিস্তানে নির্বাচনী সহিংসতায় নিহত ২

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১৫:০৩, ১৫ ফেব্রুয়ারি ২০২৪
পাকিস্তানে নির্বাচনী সহিংসতায় নিহত ২
ছবি: সংগৃহীত

পাকিস্তানের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় প্রদেশ বেলুচিস্তানের হাব শহরে ভোট পুনরায় গণনার সময় সহিংসতার ঘটনায় দুইজন নিহত হয়েছেন। এসময় আহত হয়েছেন আরো ১৩ জন।

বুধবার (১৪ ফেব্রুয়ারি) শহরটির রিটার্নিং অফিসারের কার্যালয়ের বাইরে এই ঘটনা ঘটে বলে এক প্রতিবেদনে জানায় সংবাদমাধ্যম ডন নিউজ

প্রতিবেদনে বলা হয়, ভোট গণনার সময় বেলুচিস্তান আওয়ামী পার্টি (বিএপি) এবং পাকিস্তান পিপলস পার্টি (পিপিপি) এর প্রার্থীদের সমর্থকদের মধ্যে সশস্ত্র সংঘর্ষ বাঁধলে এই হতাহতের ঘটনা ঘটে।

Advertisement

কর্মকর্তারা জানিয়েছেন, হাব আসনে (পিবি-২১)বেসরকারি ফলাফল অনুসারে ৩০ হাজার ৯১০ ভোট পেয়ে নিজেকে বিজয়ী দাবি করেছেন বিএপির প্রার্থী সরদার মোহাম্মদ সালেহ ভুতানি। ওই আসনে তার প্রতিদ্বন্দ্বী ছিলেন পিপিপির আলী হাসান জেহরি। জেহরি ওই আসনের নির্বাচনের ফলাফলকে চ্যালেঞ্জ করে ভোট পুনরায় গণনার দাবি করেছিলেন।

পিপিপি প্রার্থীর অভিযোগে পিবি-২১-এর ফলাফল স্থগিত করে এবং ভোট পুনরায় গণনার নির্দেশ দিয়েছিল নির্বাচন কমিশন।

ভোট পুনরায় গণনার সময় উভয় পক্ষের প্রার্থীর সমর্থকরা রিটার্নিং অফিসারের কার্যালয়ের সামনে অবস্থান নেয়।

প্রথম ধাপে নয়টি কেন্দ্রের ভোট পুনরায় গণনা করা হয়েছিল। তবে অন্যান্য ৩০ কেন্দ্রের ভোট পুনরায় গণনার সময় স্বাস্থ্যগত কিছু সমস্যার কারণে অফিসারকে হাসপাতালে নেয়া হয়।

কর্মকর্তারা জানিয়েছেন, তখন উভয় পক্ষের সমর্থকরা সিভিক সেন্টারে প্রবেশের চেষ্টা করে এবং একে অপরের সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়ে। দুই ঘণ্টা ধরে চলা সংঘর্ষের সময় গুলি ছোড়া হয়। এতে এসব হতাহতের ঘটনা ঘটে।

ডেইলি-বাংলাদেশ/মাহাদী
লিংক সফলভাবে কপি হয়েছে!