রাতারাতি আস্ত পুকুর ভরাট করে তোলা হলো কুঁড়েঘর
পথে চলার মাঝে মোবাইল বা মানিব্যাগ চুরি কিংবা বাড়ি ফাঁকা থাকলে টাকা-পয়সা, সোনার গহনা চুরির ঘটনা ঘটে প্রায়ই। কিন্তু পুরো একটি পুকুর ‘চুরি’ হয়ে যাওয়ার কথা হয়তো কেউ কখনও শোনেনি। তবে এবার এটাই ঘটেছে।
রাতারাতি চুরি হয়ে গেল পুকুর। পুরো পুকুরটাই উধাও হয়ে তার জায়গায় তৈরি হয়ে গেল কুঁড়ে ঘর। চাঞ্চল্যকর এই ঘটনাটি ঘটেছে ভারতের বিহার রাজ্যের দ্বারভাঙা জেলায়। সোমবার এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম এনডিটিভি।
স্থানীয়দের দাবি, এটি সরকারি পুকুর। পুকুরটি মাছ চাষসহ বিভিন্ন কাজে ব্যবহার করেন তারা। তবে দ্বারভাঙা উপজেলার জমির দাম বেড়ে যাওয়ার এর ওপর নজর দিয়েছে ‘ভূমিদস্যুরা’।
দ্বারভাঙার সাব-ডিভিশনাল পুলিশ অফিসার অমিত কুমার বলেন, স্থানীয় বাসিন্দাদের অভিযোগ পেয়েছি আমরা। তাদের দাবি, ১০-১৫ দিনের মধ্যে পুকুর ভরাটের কাজ করা হয়েছে। রাতের অন্ধকারেই এই কাজ হতো।
অমিত কুমার আরো বলেন, এর আগে আমাদের কাছে যখন অভিযোগ এসেছিল, তখন কর্মকর্তারা সেখানে পুকুর ভরাট বন্ধ এবং বেশ কিছু সামগ্রী বাজেয়াপ্তও করেছিল।
ভারতে এরকম অদ্ভুত চুরি এই প্রথম নয়, এর আগে ২০২২ সালের নভেম্বরে বিহারের বেগুসরাইয়ের রেল ইয়ার্ড থেকে আস্ত একটি ডিজেল ইঞ্জিন চুরি হয়ে যায়। তার আগে ৬০ ফুটের একটি ফুটব্রিজও চুরি হয়ে যায় রোহতাস থেকে।