ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ আন্তর্জাতিক ]

ক্রিকেট বিশ্বকাপ ফাইনাল দেখার সময় টেলিভিশন বন্ধ করায় ছেলেকে হত্যা

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১৭:৫১, ২২ নভেম্বর ২০২৩
ক্রিকেট বিশ্বকাপ ফাইনাল দেখার সময় টেলিভিশন বন্ধ করায় ছেলেকে হত্যা
গণেশ প্রসাদ - ফাইল ছবি

টেলিভিশনে চলছিল ক্রিকেট বিশ্বকাপের ফাইনাল ম্যাচ। ভারত-অস্ট্রেলিয়ার সেই মেগা ম্যাচ নিয়ে গোটা ভারতের মতোই উত্তেজনায় ফুটছিলেন উত্তরপ্রদেশের বাসিন্দা গণেশ প্রসাদ। কিন্তু তিনি খেলা দেখায় এতটাই মগ্ন ছিলেন যে ম্যাচ চলাকালে টেলিভিশন বন্ধ করায় নিজের ছেলেকে হত্যা করেছেন।

বুধবার (২২ নভেম্বর) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম এনডিটিভি

প্রতিবেদনে বলা হয়েছে, গণেশ প্রসাদ রাজ্যের কানপুরে নিজ বাড়িতে টিভিতে ম্যাচটি দেখছিলেন। এ সময় তার ছেলে দীপক প্রথমে তাকে রাতের খাবার রান্না করার জন্য অনুরোধ করেন। বাবা অনুরোধে কর্ণপাত না করলে দীপক টিভি বন্ধ করে দেয়, এতে দুজনের মধ্যে কথা-কাটাকাটি শুরু হয়।

Advertisement

পুলিশ জানিয়েছে, একপর্যায়ে তা হাতাহাতিতে গড়ায় এবং মদ্যপ গণেশ মোবাইল চার্জার দিয়ে নিজের ছেলেকে শ্বাসরোধ করে হত্যা করেন। এরপর তিনি ঘটনাস্থল থেকে পালিয়ে যান। মরদেহটি সিঁড়িতে পড়ে থাকতে দেখে এক আত্মীয় পুলিশে খবর দেয়। গতকাল সোমবার কানপুর পুলিশ তাকে গ্রেপ্তার করেছে।

চাকেরি থানার ভারপ্রাপ্ত সহকারী পুলিশ কমিশনার (এসিপি) ব্রিজ নারায়ণ সিং বলেন, হত্যাকাণ্ডে মোবাইল চার্জারের তার ব্যবহার করা হয়েছে। লাশ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।

পুলিশ জানিয়েছে, বাবা-ছেলে প্রায়ই মাতাল হয়ে একে অপরের সঙ্গে ঝগড়া করত। গত সপ্তাহে দীপক তাকে মারধর করলে মা বাড়ি থেকে চলে যায়।

ডেইলি-বাংলাদেশ/মাহাদী
লিংক সফলভাবে কপি হয়েছে!