সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডের এক প্রতিবেদনে জানা গেছে, সন্দেহভাজন হুমকিদাতার পরিচয় পুলিশ শনাক্ত করতে পেরেছে। তাকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।
জানা গেছে, গত শুক্রবার পাঠানো সেই ই-মেইলে মুকেশ আম্বানিকে বলা হয়, আপনি যদি আমাদের ২০ কোটি রুপি না দেন, তাহলে আপনাকে হত্যা করা হবে। ভারতের সেরা কয়েকজন শুটার আছে আমাদের হাতে। ই-মেইলটি আসার পরপরই মুম্বাই পুলিশের কাছে অভিযোগ জানান মুকেশ আম্বানির বাসভবন অ্যান্টিলার নিরাপত্তা কর্মকর্তারা। সেই অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করে ইতিমধ্যে হুমকিদাতা ব্যক্তিকে শনাক্তও করেছে পুলিশ। হুমকিদাতার নাম শাদাব খান। তাকে গ্রেপ্তারের চেষ্টা চলছে বলেও উল্লেখ করেছেন পুলিশ কর্মকর্তারা।
.png)
মুকেশ আম্বানির নিরাপত্তা কর্মকর্তার অভিযোগের ভিত্তিতে মুম্বাইয়ের গামদেভি পুলিশ ভারতীয় দণ্ডবিধির ৩৮৭ (চাঁদাবাজির উদ্দেশ্যে কাউকে মৃত্যু বা গুরুতর আঘাতের ভীতি প্রদর্শন) এবং ৫০৬ (২) ধারায় (অপরাধমূলক ভীতি প্রদর্শন) অজ্ঞাত ব্যক্তির বিরুদ্ধে একটি মামলা দায়ের করেছে।
উল্লেখ্য, মুকেশ আম্বানিকে লক্ষ্য করে অবশ্য এটিই প্রথম হুমকি নয়। গত বছর মুকেশ আম্বানি ও তার পরিবারের সদস্যদের মৃত্যুর হুমকি দেওয়ায় বিহারের দরভাঙ্গা থেকে এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছিল। অভিযুক্ত সেই ব্যক্তির নাম রাকেশ কুমার মিশ্র। তিনি মুকেশ আম্বানির পরিবার এবং মুম্বাইয়ের স্যার এইচএন রিলায়েন্স ফাউন্ডেশন হাসপাতাল উড়িয়ে দেওয়ার হুমকি দিয়েছিলেন।