বুধবার (১৮ অক্টোবর) সন্ধ্যায় রাজ্যের গঢ়ওয়া জেলায় এই ঘটনা ঘটেছে।
এক প্রতিবেদনে সংবাদমাধ্যম টাইমস অফ ইন্ডিয়া জানায়, ঘটনার সময় সেখানে রামলীলার মঞ্চ নাটক চলছিল। সেই নাটকে পরশুরামের চরিত্রে অভিনয় করছিলেন বিনোদ প্রজাপতি। তিনি ওই জেলার অন্যতম জনপ্রিয় শিল্পী।
.png)
প্রত্যক্ষদর্শীরা জানান, প্রচুর লোকজন সেই অনুষ্ঠান দেখতে হাজির হয়েছিলেন। বেশ জমে উঠেছিল আসর। সীতার স্বয়ম্বর সভা চলছিল। অভিনয়ের সময় বিনোদ চিৎকার করে বলতে থাকেন, “ধনুক কে ভাঙল? দ্রুত বলুন।” সেটি অভিনয়ের ডায়লগের একটি অংশ ছিল। সেই ডায়লগ বলতে বলতেই আচমকা মঞ্চের উপর হুমড়ি খেয়ে পড়ে জ্ঞান হারান।
উপস্থিত দর্শক এবং সহশিল্পীরাও ভেবেছিলেন হয়তো এই পড়ে যাওয়াটাও অভিনয়ের অংশ। কিন্তু মিনিটখানেক সময় কেটে যাওয়ার পরেও যখন বিনোদের শরীরে কোনও নড়াচড়া লক্ষ করা যাচ্ছিল না, সহশিল্পীদের সন্দেহ হয়। সঙ্গে সঙ্গে অনুষ্ঠান বন্ধ করে দেওয়া হয়। দর্শকরাও বুঝতে পারছিলেন না ঠিক কী ঘটেছে।
বিনোদের যখন জ্ঞান ফিরছিল না, চিকিৎসককে ডাকা হয়। হাসপাতালেও নিয়ে যাওয়া হয় বিনোদকে। কিন্তু চিকিৎসকরা পরীক্ষা করে জানিয়ে দেন, বিনোদের মৃত্যু হয়েছে। প্রাথমিক ভাবে চিকিৎসকদের ধারণা, হৃদ্রোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে বিনোদের।
এই প্রথম নয়, এর আগেও বিশ্বের নানা প্রান্ত থেকে এমন আচমকা মৃত্যুর ঘটনা প্রকাশ্যে এসেছে। কখনও জিম করতে গিয়ে, কখনও অভিনয়, কখনও বা নাচ করার সময় হৃদ্রোগে আক্রান্ত হয়ে মৃত্যুর ঘটনা ঘটেছে।