ঢাকা,  শুক্রবার   ২৩ অক্টোবর ২০২৬, ৭ কার্তিক ১৪৩৩

[ আন্তর্জাতিক ]

যুক্তরাষ্ট্রে বন্দুক হামলা, নিহত ৩

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১৫:১৩, ২৪ সেপ্টেম্বর ২০২৩
যুক্তরাষ্ট্রে বন্দুক হামলা, নিহত ৩
ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্রের আটলান্টা অঙ্গরাজ্যে বন্দুক হামলার ঘটনায় তিনজন নিহত হয়েছেন।

শনিবার (২৩ সেপ্টেম্বর) অঙ্গরাজ্যটির ওয়েস্ট এন্ড মলে ঘটেছে এই ঘটনা।

পুলিশ জানিয়েছে, স্থানীয় সময় দুপুর দেড়টার দিকে এভান্স স্ট্রিটে বন্দুক হামলার খবর পাওয়া যায়। পরে ঘটনাস্থলে পৌঁছে তিনজনকে গুলিবিদ্ধ অবস্থায় পায় পুলিশ। এর মধ্যে দু’জন তখনই মারা গিয়েছিলেন। আরেকজনকে গ্রান্ডি মেমোরিয়াল হাসপাতালে নেয়া হলে সেখানেই মৃত্যু হয় তার।

এ ঘটনায় কেবল গুলিবিদ্ধ তিনজনই জড়িত ছিলেন বলে জানিয়েছে পুলিশ। নিহতদের মধ্যে একজনের বয়স ১৭ বছর, একজনের বয়স বিশের ঘরে এবং আরেকজন চল্লিশের কাছাকাছি।

তদন্তকারীরা জানিয়েছেন, তিনজনের মধ্যে এক ব্যক্তি অন্য দু’জনের দিকে এগিয়ে গিয়ে গুলি চালাতে শুরু করেন। তাদের মধ্যে একজন পাল্টা গুলি চালিয়েছিলেন।

পুলিশ জানিয়েছে, এ ঘটনায় আর কোনো সন্দেহভাজন নেই। ঘটনাস্থলের সিসিটিভি ফুটেজ সংগ্রহ করা হয়েছে। তাই পুলিশের বিশ্বাস, সেখানে কী হয়েছিল তা এরই মধ্যে জানতে পেরেছে তারা। তবে বন্দুকধারীদের উদ্দেশ্য সম্পর্কে কিছু জানানো হয়নি।

যুক্তরাষ্ট্রে গত কয়েক বছরে উল্লেখযোগ্য হারে বেড়েছে বন্দুক হামলা। প্রায়ই দেশটির কোনো না কোনো অঙ্গরাজ্যে প্রাণঘাতী হামলার খবর পাওয়া যায়।

গত সপ্তাহে শিকাগোতে একই পরিবারের মা, বাবা, দুই সন্তান এবং তাদের পোষা তিনটি কুকুরকে গুলি করে হত্যা করা হয়েছে। শহরতলীর একটি বাড়ি থেকে তাদের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

তার আগে গত আগস্টে দেশটির দক্ষিণাঞ্চলীয় রাজ্য ফ্লোরিডার জ্যাকসনভাইলে এক শ্বেতাঙ্গ যুবকের গুলিতে নিহত হন তিন কৃষ্ণাঙ্গ।

সূত্র: অ্যাসোসিয়েটেড প্রেস (এপি)

ডেইলি-বাংলাদেশ/মাহাদী
Durga Puja
লিংক সফলভাবে কপি হয়েছে!