চিকিৎসকরা জানিয়েছে, উত্তপ্ত গাড়িতে দম বন্ধ হয়ে মারা গেছে শিশুটি। সম্প্রতি যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে ঘটেছে হৃদয়বিদারক এ ঘটনা।
সাফোক কাউন্টি পুলিশ এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, গত সোমবার ৫৪ বছর বয়সী ওই নারী কাজে যাওয়ার পথে ১৪ মাসের নাতনিকে একটি ডে-কেয়ার সেন্টারে রেখে যাওয়ার কথা ছিল। সেই অনুযায়ী বাড়ি থেকে একসঙ্গে বেরিয়েছিলেনও তারা। কিন্তু শেষ মুহূর্তে নাতনিকে নামিয়ে রেখে যেতে ভুলে যান তিনি।
.png)
প্রায় আট ঘণ্টা পরে স্মিথটাউনের রেডউড লেনে অবস্থিত ডে কেয়ার সেন্টারে শিশুটিকে নিতে যাওয়ার পরেই ওই নারী বুঝতে পারেন, তিনি নাতনিকে গাড়ির পেছনের সিটেই রেখে গিয়েছিলেন।
সঙ্গে সঙ্গে বাচ্চাটিকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কিন্তু চিকিৎসকরা জানান, সে আগেই মারা গেছে।
এ ঘটনায় তদন্ত শুরু হয়েছে। তবে কারও বিরুদ্ধে কোনো অভিযোগ আনা হবে কি না তা জানায়নি পুলিশ।
নোহিটস্ট্রোক নামে একটি ওয়েবসাইটের তথ্যমতে, চলতি বছর এটি গাড়ির মধ্যে গরমে দম বন্ধ হয়ে শিশুমৃত্যুর ১৫তম ঘটনা।
ন্যাশনাল হাইওয়ে ট্রান্সপোর্টেশন সেফটি অ্যাডমিনিস্ট্রেশনের মতে, গাড়ির ভেতরের তাপমাত্রা মাত্র ১০ মিনিটের মধ্যেই ২০ ডিগ্রি ফারেনহাইটের ওপরে উঠতে পারে এবং এটি হাইপারথার্মিয়া হওয়ার জন্য যথেষ্ট। আর এক ঘণ্টায় গাড়ির ভেতরের তাপমাত্রা ৪০ ডিগ্রির বেশি বাড়তে পারে, এমনকি বাইরের তাপমাত্রা কম থাকলেও।
এছাড়া, শিশুদের শরীরের তাপমাত্রা প্রাপ্তবয়স্কদের তুলনায় তিন থেকে পাঁচগুণ দ্রুত বৃদ্ধি পায়। কোনো শিশুর শরীরের তাপমাত্রা ১০৭ ডিগ্রি ফারেনহাইটে (৪১ ডিগ্রি সেলসিয়াস) পৌঁছালে তার মৃত্যুও হতে পারে।
সূত্র: সিএনএন