ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ আন্তর্জাতিক ]

জীবিত পুত্রবধূকে মৃত স্বামীর চিতায় পোড়াতে চান শাশুড়ি!

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১৮:২৬, ২৪ মে ২০২৩
জীবিত পুত্রবধূকে মৃত স্বামীর চিতায় পোড়াতে চান শাশুড়ি!
সতীদাহ প্রথা - ফাইল ছবি

স্বামীর মৃত্যুর পর থেকেই অবসাদে ভুগছিলেন তরুণী। শ্বশুরবাড়ির বিরুদ্ধে গৃহনির্যাতনের অভিযোগ তুলে শেষমেশ নদীতে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করলেন। যাওয়ার আগে রেখে গেলেন চিঠি।

ঘটনাটি ভারতের গুজরাট রাজ্যের আহমেদাবাদের। সবরমতী নদীর জলে ঝাঁপ দিয়ে ওই তরুণী আত্মহত্যা করেছেন। অভিযোগ, তাকে সতীদাহ প্রথা অনুসরণ করার জন্য চাপ দেওয়া হয়েছিল। শ্বশুরবাড়ির সদস্যেরা স্বামীর মৃত্যু পরেই নাকি তার চিতায় উঠে প্রাণ বিসর্জন দিতে বলেছিলেন পুত্রবধূকেও। তারপর থেকে তরুণী অবসাদে ভুগতেন, জানিয়েছেন তার পরিবারের সদস্যেরা।

মৃত তরুণীর নাম সঙ্গীতা লখরা। গত ১০ মে তিনি নিখোঁজ হয়েছিলেন। তার পরের দিন সবরমতী নদী থেকে তরুণীর দেহ উদ্ধার করা হয়। তার লিখে রেখে যাওয়া সুইসাইড নোটও উদ্ধার করে পুলিশ। এমনকি, তরুণী তার বাবা এবং ভাইয়ের জন্য বার্তাও দিয়ে গিয়েছিলেন। তার পরেই থানায় অভিযোগ দায়ের করেন মৃতের বাবা।

Advertisement

আরো পড়ুন>> প্রেমিকের সাহায্য নিয়ে বোনকে খুন, অ্যাসিড দিয়ে পোড়ানো হলো দেহ

পুলিশ জানিয়েছে, ২০২২ সালের ফেব্রুয়ারি মাসে একটি পথ দুর্ঘটনায় তরুণীর স্বামী মারা যান। সেই সময় তার শাশুড়ি এবং শ্বশুরবাড়ির আরো চারজন তাকে সতীদাহ প্রথা অনুসরণ করতে বলেছিলেন। তরুণীকে তার সতীত্বের পরীক্ষা দিতে বলা হয়েছিল। তারপর থেকে দীর্ঘ দিন মানসিক হেনস্থার শিকার হয়েছেন তিনি। সুইসাইড নোটেও তরুণী সে কথাই লিখে গিয়েছেন। অভিযোগ, স্বামীর মৃত্যুর জন্য সকলে তাকেই দায়ী করেছিলেন।

তরুণী কম্পিউটার ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়াশোনা করেছেন। শ্বশুরবাড়িতে হেনস্থার পর তিনি বাপের বাড়িতে চলে যান। সেখানেই থাকতেন। কিন্তু অবসাদ থেকে বেরিয়ে আসতে পারেননি। সেই কারণেই এই চরম সিদ্ধান্ত নিয়েছেন, এফআইআরে জানিয়েছেন মৃতের বাবা।

তার অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করেছে পুলিশ। দোষীদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেয়ার আশ্বাস দিয়েছে তারা।

সূত্র: টাইমস অফ ইন্ডিয়া, আনন্দবাজার

ডেইলি-বাংলাদেশ/মাহাদী
লিংক সফলভাবে কপি হয়েছে!