ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ আন্তর্জাতিক ]

চীনে বার্ড ফ্লুতে বিশ্বে প্রথম মানুষের মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ০৮:৪৭, ১৩ এপ্রিল ২০২৩
চীনে বার্ড ফ্লুতে বিশ্বে প্রথম মানুষের মৃত্যু
ফাইল ছবি

বার্ড ফ্লু H3N8 একটি বিরল ভাইরাস। এই ভাইরাসে সাধারণত পাখির সংক্রমণ ও মৃত্যু ঘটে। কিন্তু বিশ্বে এবারই প্রথম এই ভাইরাসে কোনো মানুষের মৃত্যু ঘটল।

চীনের ৫৬ বছর বয়সী এক নারী বার্ড ফ্লু তে আক্রান্ত হয়ে মারা গেছেন। বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) জানিয়েছে, বার্ড ফ্লুর এ ধরনে আক্রান্ত হয়ে এটিই প্রথম মৃত্যুর ঘটনা। তবে ভাইরাসটির এ ধরনটি সংক্রামক নয়।

৫৬ বছর বয়সী ওই নারী চীনের দক্ষিণাঞ্চল গুয়াংডং প্রদেশের বাসিন্দা ছিলেন। তিনি বিশ্বের তৃতীয় মানুষ হিসেবে H3N8-তে আক্রান্ত হয়েছিলেন। এর আগে যে দু’জন এ ভাইরাসে আক্রান্ত হয়েছিলেন তারাও চীনা নাগরিক ছিলেন। গত বছর তাদের দেহে এ ভাইরাসের উপস্থিতি মেলে। বার্ড ফ্লুর H3N8 ধরনটি মানব দেহে প্রবেশ করার ঘটনা খুবই বিরল।

Advertisement

গুয়াংডং প্রাদেশিক রোগ নিয়ন্ত্রণ ও প্রতিরোধ কেন্দ্র গত মাসের শেষ দিকে তৃতীয় ব্যক্তির H3N8-তে আক্রান্ত হওয়ার খবর জানিয়েছিল। তবে তারা মৃত্যুর ব্যাপারে কিছু বলেনি।

আরো পড়ুন>> অনির্দিষ্টকালের জন্য স্থগিত শ্রীলঙ্কার স্থানীয় নির্বাচন

বিশ্ব স্বাস্থ্য সংস্থা অবশ্য জানিয়েছে, মারা যাওয়া ওই নারী আগে থেকেই বিভিন্ন জটিল রোগে ভুগছিলেন। এছাড়া পোল্ট্রি সংক্রান্ত বিষয়ের সঙ্গে জড়িত ছিলেন তিনি।

এদিকে এই নারী জীবিত অবস্থায় একটি বাজারে গিয়েছিলেন। সেখানে A(H3) ভাইরাসে আক্রান্ত রোগীর সন্ধান পাওয়া গিয়েছিল। ধারণা করা হচ্ছে ওই বাজারে যাওয়ার পরই সংক্রমিত হয়েছেন তিনি।

মানবদেহে বিরল হলেও পাখির দেহে এই ভাইরাসের উপস্থিতি খুবই সাধারণ ঘটনা। এমনকি যেসব পাখির দেহে এ ভাইরাস আছে সেগুলোর মধ্যে রোগের কোনো লক্ষণও দেখা যায় না। এই ভাইরাসে মানুষ ছাড়াও অন্যান্য স্তন্যপায়ী প্রাণীও আক্রান্ত হয়েছে।

সূত্র: এনডিটিভি

ডেইলি-বাংলাদেশ/আরটি
লিংক সফলভাবে কপি হয়েছে!