ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ আন্তর্জাতিক ]

ডলফিনের সঙ্গে সাঁতার কাটতে গিয়ে হাঙরের কামড়ে কিশোরীর মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১৩:০৯, ৫ ফেব্রুয়ারি ২০২৩
ডলফিনের সঙ্গে সাঁতার কাটতে গিয়ে হাঙরের কামড়ে কিশোরীর মৃত্যু
অস্ট্রেলিয়ার পশ্চিমাঞ্চলের উত্তর ফ্রেম্যান্টল সমুদ্র সৈকত- ছবি: সংগৃহীত

অস্ট্রেলিয়ায় নদীতে সাঁতার কাটতে গিয়ে হাঙরের কামড়ে ১৬ বছর বয়সী এক কিশোরীর মৃত্যু হয়েছে। শনিবার দেশটির পশ্চিমাঞ্চলের উত্তর ফ্রেম্যান্টলে এ দুর্ঘটনা ঘটে।

রাজ্য সরকার বলছে, উত্তর ফ্রেম্যান্টলের পার্থ শহরতলির সোয়ান নদীতে মেয়েটিকে একটি অজ্ঞাত প্রজাতির হাঙর কামড় দিয়েছে।

ফ্রেম্যান্টল জেলা পুলিশের ভারপ্রাপ্ত পরিদর্শক পল রবিনসন বলেন, মেয়েটিকে পানি থেকে উদ্ধারের পর জরুরী জীবনরক্ষা চিকিৎসা দেওয়ার চেষ্টা করা হয়। কিন্তু ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

Advertisement

তিনি আরো বলেন, মেয়েটি বন্ধুদের সঙ্গে নদীর তীরে গিয়েছিল বলে পুলিশ জানতে পেরেছে। তারা জেট স্কিতে ছিল। সম্ভবত কাছাকাছি একটি ডলফিনের দল দেখতে পেয়ে মেয়েটি তাদের কাছাকাছি সাঁতার কাটতে নদীতে লাফ দিয়েছিল।

মেয়েটির মৃত্যুকে একটি অত্যন্ত মর্মান্তিক ঘটনা হিসেবে বর্ণনা করে রবিনসন জানান, মেয়েটির পরিবার পার্থের বাসিন্দা। তারা এই খবরে শোকে কাতর হয়ে পড়েছেন। মৎস্য বিশেষজ্ঞরা নদীর ঐ অংশে হাঙর পাওয়া অস্বাভাবিক বলে জানিয়েছিলেন বলেও উল্লেখ করেন তিনি।

এ ঘটনায় রাজ্য সরকার জনগণকে উত্তর ফ্রেম্যান্টলের সোয়ান নদীতে ‘অতিরিক্ত সতর্কতা’ অবলম্বন করতে এবং যেকোনো বন্ধ সমুদ্রসৈকত এড়িয়ে চলতে সতর্ক করেছে।

উল্লেখ্য, ১৯৬০ সালে অস্ট্রেলিয়ার নদীতে সর্বশেষ হাঙরের আক্রমণ রেকর্ড করা হয়েছিল। সে সময় প্রায় ১১ ফুট একটি বুল শার্ক সিডনির রোজভিল ব্রিজে একজন ডাইভারকে হত্যা করেছিল। এছাড়া গত বছরের ফেব্রুয়ারিতে ৩৫ বছর বয়সী ব্রিটিশ ডাইভিং প্রশিক্ষক সাইমন নেলিস্টকে সিডনির লিটল বে বিচ থেকে গ্রাস করেছিল হাঙর।

সূত্র: রয়টার্স

ডেইলি-বাংলাদেশ/এআর
লিংক সফলভাবে কপি হয়েছে!