প্রেমিকের ফোনে অন্য নারীর কণ্ঠ, রাগে বাড়িতে আগুন লাগালেন প্রেমিকা
প্রেমিককে ফোন করেছেন প্রেমিকা, কিন্তু তা রিসিভ করেছেন অন্য নারী। এ ঘটনায় তীব্র ক্ষোভে প্রেমিকা আগুন জ্বালিয়ে দিয়েছেন প্রেমিকের বাড়িতে। সম্প্রতি এমনই ঘটনা ঘটেছে যুক্তরাষ্ট্রের টেক্সাস অঙ্গরাজ্যে।
টেক্সাসের বেক্সার কাউন্টি শেরিফ অফিস জানিয়েছে, সেনাইদা মেরি সোতো নামের ২৩ বছর বয়সী এক তরুণীকে রাগ ও প্রতিহিংসার বশে তার প্রেমিকের বাড়ি পুড়িয়ে দেওয়ার ঘটনায় গ্রেপ্তার করা হয়েছে।
পুলিশ জানায়, ওই তরুণী তার প্রেমিকার বাড়িতে গত সোমবার রাত ২ টার দিকে প্রবেশ করেন। সেখান থেকে বেশ কিছু জিনিস চুরি করেন। এরপর বাড়িতে আগুন ধরিয়ে দেন। তবে ঘটনার সময় ওই বাড়ি ফাঁকা থাকায় কোনো প্রাণহানীর ঘটনা ঘটেনি।
প্রেমিকের পরিবারের অভিযোগ, বাড়ি থেকে মূল্যবান বেশ কিছু জিনিস উধাও হয়ে গেছে। মেরিই ওই জিনিসগুলো চুরি করেছেন বলেও অভিযোগ করেছেন তারা।
পরে অভিযুক্ত মেরি সোতোকে গ্রেপ্তার করা হয়। বাড়ি থেকে চুরি ও আগুন লাগানোর অভিযোগে তার বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।
পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, গত সপ্তাহে মেরি রাতে তার প্রেমিককে ফেসটাইম (ভিডিও কলের একটি মাধ্যম) করেছিলেন। সেই সময় অপর এক নারী সেই ফোন ধরেন।
আরো পড়ুন>> চীনে একদিনে রেকর্ড সংখ্যক করোনা রোগী শনাক্ত
প্রেমিকের ফোনে অন্য মেয়ের গলা শুনতে পেয়েই ফোন কেটে দেয় মেরি। এরপরই প্রেমিককে কড়া শাস্তি দেওয়ার জন্য ছক কষতে থাকেন তিনি। এক পর্যায়ে মধ্যরাতে মেরি হাজির হন প্রেমিকের পৈত্রিক বাড়িতে।
সেখানে তিনি বসার ঘরে রাখা একটি সোফায় আগুন লাগিয়ে দেন। নিমেষের মধ্য়ে গোটা বাড়িতে আগুন ছড়িয়ে যায়। বাড়িতে যখন আগুন জ্বলছে, সেই সময়ই একটি ভিডিও রেকর্ড করেন মেরি। সেখানে দেখা যায়, তিনি নিজেই স্বীকার করছেন আগুন লাগানোর কথা। প্রেমিকের উদ্দেশ্যে বলেন, ‘আশা করছি এবার তোমার জিনিসপত্র ঠিক থাকবে।’
গোটা বাড়িটি পুড়ে যাওয়ায় প্রায় ৫০ হাজার মার্কিন ডলারের ক্ষতি হয়েছে বলে জানা গেছে। এদিকে প্রেমিক জানিয়েছেন, অন্য কোনও নারীর সঙ্গে সম্পর্ক নেই তার। যে নারী ফোন ধরেছিলেন, তিনি তার আত্মীয়।
সূত্র: এনডিটিভি