আসরে বরের প্রেমিকা, বিয়ে ভেঙে খরচ আদায় করলো কনে
বিয়ের আসরে বর-কনে উপস্থিত। কিছুক্ষণ পরই মণ্ডপে হবে বিয়ে। তবে হঠাৎ সেই আসরে হাজির এক নারী। দাবি করলেন তিনি বরের প্রেমিকা। এতেই বিয়ে ভেঙে দেন কনে। আদায় করেন বিয়ের সব খরচ।
ঘটনাটি ভারতের পাঞ্জাবের মোহালিতে ঘটেছে।
আনন্দবাজার পত্রিকার অনলাইন প্রতিবেদনে বলা হয়, পাতিয়ালার বাসিন্দা ঐ নারী দুই সন্তানের মা। তিনি অভিযোগ করেন, মেয়েটির সঙ্গে যার বিয়ে হচ্ছে, সেই ব্যক্তি তাকে বিয়ে করার প্রস্তাব দিয়েও কথা রাখেননি। দীর্ঘ আট বছর ধরে তারা ‘লিভ-ইন’ সম্পর্কে ছিলেন। বিয়ের মণ্ডপে সবার সামনে নারী বলেন, ‘এ ছেলেটিকে বিয়ে করব বলে আদালতে আমার স্বামীর সঙ্গে বিবাহবিচ্ছেদের আবেদন জানিয়েছি। আমার ছেলেমেয়ের সঙ্গেও ওর ভালো সম্পর্ক। ও যে মনে মনে অন্য কাউকে বিয়ে করার পরিকল্পনা করছে, সে বিষয়ে আমি কিছুই জানতাম না।’
বর আবার পাল্টা অভিযোগ করেন যে, সেই নারীর যে বিবাহবিচ্ছেদ হয়নি, সেই বিষয়টি তিনি জানতেন না। তিনি বলেন, ‘ও আমাকে বলেনি যে ওর এখনো বিবাহবিচ্ছেদ হয়নি। ও আমাকে মিথ্যা বলেছে। তাই আমি অন্য কাউকে বিয়ে করার সিদ্ধান্ত নিয়ে ফেলি।’
কনের পরিবার বিয়ে ভেঙে দেওয়ার পর সব আয়োজনের জন্য যা খরচ হয়েছে, তা বরের কাছে দাবি করেছে। বরের বিরুদ্ধে থানায় অভিযোগ করা হয়েছে।
পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, বরকে আটক করা হয়েছে। এ ব্যাপারে তদন্ত শুরু হয়েছে। অভিযোগ প্রমাণিত হলে কড়া ব্যবস্থা নেয়া হবে।