খণ্ডগ্রাস সূর্যগ্রহণের স্বাক্ষী হলো বিশ্ব
বিশ্বজুড়ে মহাকাশপ্রেমীদের আগ্রহের অন্যতম কেন্দ্রবিন্দু হলো খণ্ডগ্রাস সূর্যগ্রহণ। সেই সূর্যগ্রহণের মহাজাগতিক সৌন্দর্যের সাক্ষী হলো পুরো বিশ্ব। এশিয়া, ইউরোপ, আফ্রিকার বিভিন্ন দেশ থেকে খালি চোখে সূর্যগ্রহণেরদৃশ্য দেখা গেছে।
বিশ্বের প্রায় সব প্রান্ত থেকে সূর্যগ্রহণের দৃশ্য কালেভদ্রে দেখতে পাওয়া যায়। আকাশে দেখা যায়, বিশাল সূর্যকে ধীরে ধীরে গ্রাস করছে পৃথিবীর একমাত্র উপগ্রহ চাঁদ। বছরের দ্বিতীয় ও শেষ সূর্য গ্রহণ দেখতে বিশ্বজুড়ে মহাকাশপ্রেমীদের আগ্রহ ছিল তুঙ্গে।
মূলত নিজ কক্ষপথে ঘুরতে ঘুরতে চাঁদ যখন সূর্য ও পৃথিবীর মাঝে চলে আসে তখনই সূর্যগ্রহণ হয়। চাঁদের কারণে ঢাকা পড়ে যায় সূর্য। বাধা পায় সূর্যের আলো। সূর্যের তুলনায় চাঁদ অনেক ছোট। তাই বিশ্বের সব প্রান্তে সমানভাবে দেখা যায় না সূর্যগ্রহণ। তবে এবারের খণ্ডগ্রাস এশিয়া, ইউরোপ, আফ্রিকার অনেক দেশেই দৃশ্যমান ছিল।
ভারতে সনাতন ধর্মাবলম্বীরা সূর্যগ্রহণের সময় ধর্মীয় নানা রীতি পালন করেন। দিল্লি, অমৃতসর, কলকাতাসহ বেশ কয়েকটি শহরে নানা ধর্মীয় রীতি পালন করতে দেখা গেছে।
এদিকে, আগামী বছরের ২০ এপ্রিল আবার মহাজাগতিক সূর্যগ্রহণের দৃশ্য দেখবেন মহাকাশপ্রেমীরা।