খালি চোখে সূর্যগ্রহণ দর্শন ট্রাম্পের
অনেক সাধারণ মার্কিন নাগরিকদের মতো প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও সোমবার সপরিবারে পূর্ণগ্রাস সূর্যগ্রহণ দর্শন করেছেন। যদিও বিজ্ঞানীরা খালি চোখে সূর্যগ্রহণ দর্শন করতে বারণ করেছেন, তথাপি তাদের কথাকে অগ্রাহ্য করে এক পর্যায়ে চশমা খুলেই সূর্যের দিকে তাকান ট্রাম্প।
সূর্যগ্রহণ দেখার জন্য স্ত্রী মেলানিয়া ট্রাম্প ও ছেলে ব্যারন ট্রাম্পকে নিয়ে হোয়াইট হাউসের বারান্দায় এসে দাঁড়ান ট্রাম্প। নীচে তখন সমর্থকদের ভিড়। তাদের উদ্দেশে হাত নেড়ে খালি চোখে সরাসরি সূর্যের দিকে তাকান।
সঙ্গে সঙ্গে ‘খবরদার সূর্যের দিকে তাকাবেন না’ বলে পিছন থেকে চেঁচিয়ে ওঠেন তার এক সহযোগী। ধমক খেয়ে হুশ হয় ট্রাম্পের। তড়িঘড়ি চশমা পরে নেন। তারপর সমর্থকদের সঙ্গে দাঁড়িয়ে সূর্যগ্রহণ দেখেন।
পূর্ণগ্রাস গ্রহণ দেখার জন্য অবশ্য অপেক্ষা করেননি তিনি। আংশিক গ্রহণ দেখেই ভিতরে ঢুকে যান। প্রায় এক শতাব্দি পর পূর্ণগ্রাস সূর্যগ্রহণের সাক্ষী রইল মার্কিন যুক্তরাষ্ট্র। তা নিয়ে কম উৎসাহ চোখে পড়েনি।
সাধারণ মানুষ থেকে তারকা অভিনেতা—ঐতিহাসিক মুহূর্তের সাক্ষী থাকতে পেরে সকলেই আনন্দ জাহির করেছেন। সোশ্যাল মিডিয়ায় ছবিও আপলোড করেছেন।
মার্কিন মহাকাশ গবেষণা কেন্দ্র নাসার মতে, পূর্ণগ্রাস সূর্যগ্রহণের সময় খালি চোখে সূর্যের দিকে তাকানো উচিৎ নয়। অবিচ্ছিন্ন বা আংশিকভাবে সূর্যোগ্রহণের সময় সূর্যের দিকে সরাসরি তাকানোর একমাত্র নিরাপদ উপায় হল বিশেষ সৌর প্যানেলের মাধ্যমে, যেমন `ইকলিপেস চশমা` ... বা হস্ত চালিত সৌর প্রদর্শনকারী।
ডেইলি বাংলাদেশ/ এসআই