প্রথমবার ক্যামেরাবন্দি বিরল গাঢ় কালো রঙের বাঘ (ভিডিও)
ভারতের পূর্বাঞ্চলীয় রাজ্য ওডিশার সিমিলিপাল জাতীয় উদ্যানে বিরল প্রজাতির বাঘ একটি কালো বাঘকে দেখা গেছে। আন্তর্জাতিক বাঘ দিবস উপলক্ষে বাঘটির একটি ভিডিও টুইটারে পোস্ট করা হয়।
১৫ সেকেন্ডের এক ভিডিওতে দেখা যায়, কালো রঙের বাঘটি একটি গাছে আঁচড় বসিয়ে চলে যাচ্ছে।
ভারতীয় বন পরিষেবা কর্মকর্তা সুশান্ত নন্দা ভিডিওটি টুইট করে লিখেছেন, বিশ্ব বাঘ দিবসে একটি বিরল গাঢ় কালো রঙের বাঘের এলাকা চিহ্নিত করার চমৎকার দৃশ্য শেয়ার করলাম।
সাদা বা সোনালি রঙের হালকা ত্বকে গাঢ় কালো ডোরাকাটা চেহারার বাঘ একেবারে বিরল। ভারতে আজ পর্যন্ত শুধুমাত্র সিমিলিপালেই এ বাঘটি প্রথমবারের মতো ক্যামেরাবন্দি হয়েছে।
টুইটারে বন্যপ্রাণীর মজার মজার ভিডিও শেয়ারের জন্য পরিচিত ঐ কর্মকর্তা বলেছেন, কালো বাঘের অনন্য জিন রয়েছে। ভারতীয় টাইগার রিজার্ভ কর্তৃপক্ষ বিরল এ বাঘের বংশ রক্ষায় প্রস্তুত।
এ ধরনের কালো ডোরাকাটা বাঘের অন্যতম কারণ হলো জিনগত রূপান্তর। মিউটেশনের কারণে বাঘের স্বতন্ত্র কালো ডোরা বড় হয়ে যায় এবং কমলা রঙের ওপর তা ছড়িয়ে পড়ে।
বিরল বাঘটির দৃশ্য সামাজিক যোগাযোগমাধ্যমে নজর কেড়েছে। টুইটারে একজন লিখেন, এই বাঘের সংখ্যা যদি পুনরায় বৃদ্ধি করা যায়, তাহলে সেটি পুরো ওড়িশা রাজ্যের জন্য সুসংবাদ হবে। অন্য একজন লিখেন, আমি প্রথম এমন বাঘ দেখলাম..বাঘটি কি প্রজাতির সেটি বুঝতেই পারছিলাম না।