ঢাকা,  শনিবার   ১৭ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩

[ আন্তর্জাতিক ]

শ্রীলংকার প্রেসিডেন্ট প্যালেসে তরুণীর ফটোশুট!

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ২২:১০, ১৬ জুলাই ২০২২
শ্রীলংকার প্রেসিডেন্ট প্যালেসে তরুণীর ফটোশুট!
মধুহংসী হাসিনথারা - ফাইল ছবি

স্বাধীনতার পর গত ৭০ বছরের মধ্যে সবচেয়ে ভয়াবহ অর্থনৈতিক সংকট পার করছে দ্বীপরাষ্ট্র শ্রীলংকা। ঘণ্টার পর ঘণ্টা লাইনে দাঁড়িয়েও জ্বালানি পাচ্ছে না মানুষ। তীব্র অভাব খাবার-ওষুধেরও। দেশের এমন নাজুক পরিস্থিতির জন্য সরকারের ভুল ও অপরিকল্পিত কর্মকাণ্ডকে দুষছে শ্রীলংকার জনগণ। তাদের সম্পূর্ণ ক্ষোভ গিয়ে পড়েছে শাসক গোষ্ঠীর ওপর। তাদের রোষানল থেকে ছাড় পায়নি প্রেসিডেন্ট প্যালেসও।

গত সপ্তাহে তৎকালীন লংকান প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপাকসের সরকারি বাসভবনে ঢুকে পড়েছিল কয়েকশ বিক্ষোভকারী। প্রেসিডেন্ট প্যালেসের সুইমিংপুল থেকে শুরু করে রান্নাঘর, এমনকি প্রেসিডেন্টের শোবার ঘরও তছনছ করেছে তারা। এমন বিক্ষোভ-হট্টগোলের মধ্যে প্রেসিডেন্ট প্যালেসে ঢুকেছিলেন এক তরুণীও। সেখানে হাস্যোজ্বল মুখে রীতিমতো ফটোশুট করেছেন তিনি। তার সেসব ছবি ভাইরাল হয়েছে সামাজিক যোগাযোগমাধ্যমে।

জানা যায়, ওই তরুণীর নাম মধুহংসী হাসিনথারা। গত ১২ জুলাই ফেসবুকে মোট ২৬টি ছবি আপলোড করেছেন তিনি। এসব ছবি তোলা হয়েছে কলম্বোয় প্রেসিডেন্ট প্যালেসের বিভিন্ন জায়গায়। এতে মধুহংসীকে গাড়ির সামনে, বিছানায় অথবা সোফার ওপর, সিঁড়ি কিংবা জানালার পাশে কখনো দাঁড়িয়ে কখনো বসা অবস্থায় দেখা গেছে। ছবিগুলো দেখে মনে হতে পারে, তিনি হয়তো আমন্ত্রিত অতিথি হিসেবে ঘুরতে গেছেন সেখানে।

আরো পড়ুন>> ডিএসএলআর ক্যামেরার নতুন মডেল তৈরি বন্ধ করছে নিকন

এসময় তার পাশে আরো অনেক লোকজন দেখা যায়। তবে দেশে চলমান সংকটের মধ্যে একটি গুরুত্বপূর্ণ বিক্ষোভস্থলে ওই তরুণীর হাস্যোজ্বল ফটোশুটের সমালোচনা করেছেন অনেকেই।

মধুহংসীর পোস্টের নিচে একজন মন্তব্য করেছেন, শ্রীলংকার নতুন প্রেসিডেন্ট হওয়া উচিত আপনার! আরেকজন লিখেছেন, শ্রীলংকার নতুন পর্যটনকেন্দ্র। তৃতীয় এক ব্যক্তির মন্তব্য, নিজের দেশ নিয়ে মজা করছে মেয়েটি।

এ প্রতিবেদন লেখা পর্যন্ত ২০ হাজারের ওপর মানুষ রিঅ্যাক্ট করেছে সেই পোস্টে, মন্তব্য পড়েছে ১৬শর বেশি। পোস্টটি শেয়ার হয়েছে অন্তত নয় হাজারবার। এদের বেশিরভাগই তরুণীর কাণ্ডে কটাক্ষ অথবা সরাসরি সমালোচনা করেছেন।

সূত্র: এনডিটিভি

ডেইলি-বাংলাদেশ/মাহাদী
লিংক সফলভাবে কপি হয়েছে!