ডিএসএলআর ক্যামেরার নতুন মডেল তৈরি বন্ধ করছে নিকন
ডিজিটাল সিঙ্গেল লেন্স রিফ্লেক্স (ডিএসএলআর) ক্যামেরার নতুন মডেলের উৎপাদন বন্ধ করতে যাচ্ছে বিশ্বের অন্যতম শীর্ষস্থানীয় ক্যামেরা প্রস্তুতকারক কোম্পানি নিকন। তবে বিদ্যমান এসএলআর মডেলগুলোর উৎপাদন এবং বাজারজাত চালিয়ে যাবে কোম্পানিটি।
সম্প্রতি এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে জাপানি গণমাধ্যম নিক্কেই এশিয়া।
প্রতিবেদনে বলা হয়, বর্তমানে মিররলেস ক্যামেরার চাহিদা বাড়ার কারণে এসএলআর ক্যামেরার বাজার ছেড়ে মিররলেসের দিকে ঝুঁকছে নিকনসহ বিভিন্ন ক্যামেরা প্রস্তুতকারক কোম্পানি।
জানা গেছে, এখন থেকে সম্পূর্ণরূপে নতুন মডেলের মিররলেস ক্যামেরা উৎপাদনের দিকে ঝুঁকবে নিকন।
নিক্কেই-এর প্রতিবেদন অনুযায়ী, নিকনের এসএলআর ক্যামেরাগুলো ৬০ বছরেরও বেশি সময় ধরে পেশাদার ফটোগ্রাফাররা ব্যাপকভাবে ব্যবহার করেছেন। তারপরও প্রযুক্তির উৎকর্ষতার কারণে এসএলআর ক্যামেরার বিদায় ঘণ্টার শব্দ বেশ কয়েক বছর ধরেই শোনা যাচ্ছে।
আরো পড়ুন>> প্রেসিডেন্ট পদ শূন্য ঘোষণা করলো শ্রীলংকার পার্লামেন্ট
এর অন্যতম কারণ, ভোক্তাদের মধ্যে হাই-কোয়ালিটির ছবি এবং তুলনামূলক হালকা ও আকারে ছোট বিকল্প হিসেবে আরো ভালো সুবিধা নিয়ে এসেছে মিররলেস ক্যামেরা।
এ বিষয়ে নিকট একটি প্রেস বিবৃতি দিলেও সেখানে নিক্কেই এশিয়ার প্রতিবেদনটির সত্যতা স্বীকার বা অস্বীকার কোনোটাই করেনি নিকন বরং বলেছে, নিকন এই বিষয়ে কোনো ঘোষণা দেয়নি।
তবে নিকন উল্লেখ করেছে, তারা তাদের ডিজিটাল এসএলআর উৎপাদন, বিক্রয় এবং পরিষেবা চালিয়ে যাচ্ছে।
অন্যদিকে, গত মাসে নিকন ঘোষণা দিয়েছিল, তারা দুটি সাশ্রয়ী মূল্যের ডিএসএলআর, ডি৩৫০০ এবং ডি৫৬০০ উৎপাদন বন্ধ করে দিচ্ছে।
নিকন আরো জানায়, তারা পেশাদার এবং শখের ফটোগ্রাফারদের লক্ষ্য করে মাঝারি থেকে হাই রেঞ্জের ক্যামেরা উৎপাদন এবং লেন্সগুলোর বিষয়ে আরো বেশি মনোযোগ দিয়ে চায়।
আরো পড়ুন>> ইউরোপে তীব্র তাপদাহ, ৩২২ জনের মৃত্যু
এ ছাড়া তরুণ ব্যবহারকারী, বিষেশ করে যাদের প্রাথমিক লক্ষ্য থাকে ভিডিও কনটেন্ট তৈরি, তাদের জন্য আরো উপযোগী ক্যামেরা তৈরির দিকে মনোযোগী হচ্ছে নিকন।
ক্যামেরার বাজারে শীর্ষস্থানীয় কোম্পানি ক্যাননও এসএলআর প্রযুক্তি থেকে ধীরে ধীরে পিছিয়ে আসতে শুরু করেছে। গত বছর তারা জানায়, ইওস-১ডি এক্স মার্ক-৩ হবে তাদের শেষ ফ্ল্যাগশিপ ডিএসএলআর ক্যামেরা।
সে সময় ক্যাননের সিইও জানান, বাজারের চাহিদা খুব দ্রুত মিররলেস ক্যামেরার দিকে ঝুঁকছে। তাই ক্রমবর্ধমান মানুষের চাহিদাকে প্রাধান্য দিয়ে তারাও সেদিকে ঝুঁকছেন।
তবে তিনি এও জানান, প্রতিষ্ঠানটি ভবিষ্যতে কিছু ইন্ট্রো এবং মিড রেঞ্জের ডিএসএলআর ক্যামেরা তৈরি অব্যাহত রাখবে।
নিক্কেই-এর তথ্যমতে, গত বছর নিকন প্রায় ৪ লাখ এসএলআর ক্যামেরা বিক্রি করেছে। মিররলেস প্রযুক্তির উত্থানের পাশাপাশি, এসএলআর ক্যামেরাগুলো বেশ অনেকদিন ধরেই স্মার্টফোনের ক্যমেরার সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করে আসছে। যা কয়েক দশক ধরে ক্যামেরার বাজারকে সংকুচিত করছে।